প্রকাশ: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫, ৬:৪৬ পিএম

সংগৃহীত ছবি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০১৫ সালে সংঘটিত শারীরিক নির্যাতনের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের ৮ নেতাকর্মীসহ ১০-১২ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন জাবি ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর।
গতকাল বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে আশুলিয়া থানায় মামলাটি দায়ের করা হয় বলে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান।
মামলার এজাহারে নাম উল্লেখ করা অভিযুক্তরা হলেন আসিফ আহমেদ (রসায়ন ৩৯), মোহাম্মদ নাজিমুল ইসলাম ওরফে বোরন (অর্থনীতি ৪২), মো: আমান উল্লাহ (দর্শন ৪২), মো: জায়মান আলী প্রিন্স (প্রত্নতত্ত্ব ৪২), মোহাম্মদ কৌশিক রহমান (লোক প্রশাসন ৪২), মো: শাহরুখ শাহরিয়ার ওরফে সৌমিক (লোক প্রশাসন ৪২), মোহাম্মদ ইয়াসিন (ভূগোল ও পরিবেশ বিজ্ঞান ৪২) এবং মোহাম্মদ হাবিবউল্লাহ (লোক প্রশাসন ৪২)।
এজাহারে উল্লেখ করা হয়েছে, ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি দুপুর ১২টা ৩০ মিনিটে রসায়ন বিভাগের স্নাতকোত্তর টিউটোরিয়াল পরীক্ষা শেষে আসিফ আহমেদের নেতৃত্বে অভিযুক্তরা দেশীয় অস্ত্রসহ রসায়ন বিভাগের গ্যালারিতে প্রবেশ করে জহির উদ্দিন বাবরের ওপর হামলা চালায়। তাকে টেনে-হিঁচড়ে ভবনের সামনে এনে এলোপাতাড়ি মারধর করা হয়। লোহার রড ও পাইপ দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। নাজিমুল ইসলাম ওরফে বোরন তার হাতে থাকা জিআই পাইপ দিয়ে ডান পায়ে আঘাত করলে হাড় ভেঙে যায়। পরে সহপাঠীরা তাকে উদ্ধার করে প্রথমে জাবি মেডিক্যাল সেন্টারে এবং পরে শাহজাহানপুর ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করান।
ভুক্তভোগী জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, “শুধুমাত্র রাজনৈতিক মতের ভিন্নতার কারণে আমাকে হত্যার উদ্দেশ্যে নির্মমভাবে মারধর করা হয়, যার ফলে আমার শিক্ষাজীবন ক্ষতিগ্রস্ত হয়। সে সময় রাজনৈতিক বৈরী পরিবেশে আইনি পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি। অবশেষে আমি মামলা করেছি। আশা করি, আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনবে।”
এ বিষয়ে আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান জানান, “আমরা লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
স্বদেশ প্রতিদিন/এমএএম