প্রকাশ: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫, ৬:১২ পিএম

পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি বলেছেন, “জনগণের সেবায় দিনরাত ২৪ ঘণ্টা নিয়োজিত থাকা বাহিনীই পুলিশ। এই বাহিনীকে আরও সচেতন হয়ে সেবাপ্রত্যাশীদের প্রতি সহানুভূতিশীল হতে হবে।”
আজ শুক্রবার (০১ আগস্ট) সকালে খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারের অডিটোরিয়ামে খুলনা বিভাগের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “সমাজে ও ব্যক্তিজীবনে মূল্যবোধ ফিরিয়ে আনতে হবে। নিজেদের ভুল খুঁজে সংশোধনের চেষ্টা করতে হবে। সীমাবদ্ধতা থাকলেও মানুষের কল্যাণে কাজ করাই আমাদের দায়িত্ব। সদয় আচরণ ও সুবিচারের নজির পুলিশ সদস্যদের মাধ্যমে সমাজে ছড়িয়ে পড়া উচিত। মনে রাখতে হবে, পুলিশ প্রজাতন্ত্রের কর্মচারী—তাদের কাজ মানুষের কল্যাণে নিয়োজিত থাকা।”
তিনি আরও বলেন, “২০২৪ সালের গণ-অভ্যুত্থানে যারা শহিদ হয়েছেন, তারা সময়ের শ্রেষ্ঠ সন্তান। একটি নতুন বাংলাদেশের পথপ্রদর্শক। পরিবর্তিত প্রেক্ষাপটে সাধারণ মানুষের ভোগান্তি কমানোর প্রতি আমাদের মনোযোগ দিতে হবে।”
সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হক।
স্বাগত বক্তব্য দেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. জুলফিকার আলী হায়দার এবং ধন্যবাদ জ্ঞাপন করেন পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট আবদুল কুদ্দুছ চৌধুরী।
স্বদেশ প্রতিদিন/এমএএম