প্রকাশ: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫, ৬:০৮ পিএম

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রশিবিরের অর্থায়নে ঢাবির স্যার এ এফ রহমান হলের অতিথি কক্ষে জুলাই স্মৃতি পাঠাগার স্থাপন করা হয়েছে।
শুক্রবার (১ আগস্ট) জুমার নামাজের পর বেলা দুইটায় পাঠাগারটি উদ্বোধন করেন হলের প্রাধ্যক্ষ কাজী মাহফুজুল হক সুপণ। এসময়, ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আবু সাদিক কায়েম উপস্থিত ছিলেন।
এর আগে, সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত ঢাবি ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্যের আত্মার মাগফেরাত কামনায় হল মসজিদে বাদ জুমা দোয়া অনুষ্ঠিত হয়।
পাঠাগার উদ্বোধনের পর শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করার সময় প্রাধ্যক্ষ ড.কাজী মাহফুজুল হক সুপণ এ উদ্যোগের প্রশংসা করেন ও ছাত্রসংগঠন গুলো কতৃর্ক এ ধরনের শিক্ষার্থী বান্ধব কার্যক্রম অব্যাহত রাখার প্রতি উৎসাহ প্রদান করেন ।
হলের আবাসিক শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, জুলাই শহিদদের আত্মত্যাগকে জাগ্রত রাখতে এটি খুবই কার্যকরী উদ্যোগ। হল প্রশাসনের উচিত পাঠাগারকে সমৃদ্ধ করে তোলা।
স্বদেশ প্রতিদিন/ আরএফ