
দীর্ঘ প্রতিক্ষার পর গত ২৯ জুলাই (মঙ্গলবার) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৯ আগস্ট পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২৫ আগস্ট। আর ভোট গ্রহণ হবে ৯ সেপ্টেম্বর।
তবে এরমধ্যেই প্রার্থী কারা হবেন তা নিয়ে নানা জল্পনা-কল্পনা শুরু হয়ে গেছে। বেশিরভাগ ছাত্রসংগঠনই তাদের প্যানেল প্রায় চুড়ান্ত করে ফেলেছেন। কেউবা ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের মধ্যলার পরিচিত মুখদের সাথে নিয়ে প্যানেল করার চিন্তা-ভাবনা করেছেন। এ পর্যন্ত যাদের হেভিওয়েট প্রার্থী ভাবা হচ্ছে তাদের নিয়েই আজকের আয়োজন।
জাতীয়তাবাদী ছাত্রদল :
গুঞ্জন রয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তাদের প্যানেল নিয়ে এখনো মতানৈক্যে পৌছাতে পারেনি। এতদ্বসত্তেও, ছাত্রদলের মধ্যে বেশ কয়েকজন প্রার্থী আছেন যাদের হেভিওয়েট ভাবা হচ্ছে। ঢাবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন নির্বাচনে ভিপি প্রার্থী হওয়ার জোর গুঞ্জন আছে। তিনি আগের ডাকসুতে সলিমুল্লাহ মুসলিম হলে ছাত্রদলের প্যানেল থেকে ভিপি প্রার্থী ছিলেন। এছাড়াও, ঢাবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান, ও বিএম কাউসার এবং কবি জসিমউদদীন হল ছাত্রদলের প্রচার সম্পাদক শেখ তানভীর বারী হামিমও আলোচনায় আছেন।
গনতান্ত্রিক ছাত্রসংসদ:
জুলাই গণঅভ্যুত্থান থেকে তৈরি হওয়া দল বাংলাদেশ গনতান্ত্রিক ছাত্রসংসদ প্রতিষ্ঠার পর থেকেই ডাকসু নিয়ে বেশ সরব ছিল। তাদের প্যানেল থেকে ঢাবি শাখার আহ্বায়ক আব্দুল কাদের ভিপি ও কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবু বাকের মজুমদারের জিএস পদে নির্বাচন করার কথা শোনা যাচ্ছে। এছাড়াও, এজিএস পদে কেন্দ্রীয় মূখ্য সংগঠক তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী ও ঢাবি শাখার সদস্য সচিব জাহিদ আহসানের প্রতিদ্বন্দ্বিতা করার গুঞ্জন রয়েছে।
ইসলামি ছাত্রশিবির:
জুলাই গণঅভ্যুত্থানের পর ঢাবি ক্যাম্পাসে প্রকাশ্যে আসে ইসলামি ছাত্রশিবির। ঢাবি শিবিরের সাবেক সভাপতি আবু সাদিক কায়েম ও বর্তমান সভাপতি এস এম ফরহাদ যথাক্রমে ভিপি ও জিএস পদে নির্বাচন করার কথা রয়েছে। এছাড়াও, শিবিরের প্যানেলে সংখ্যালঘু ও নারী শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব থাকবে বলে জানা গেছে। পাশাপাশি, বুধবার এক সংবাদ সম্মেলনে ক্যাম্পাসের পরিচিত অ্যাক্টিভিস্ট ও শিক্ষার্থীদের সাথে জোট করার ইঙ্গিত দিয়েছেন ঢাবি শিবির সভাপতি এস এম ফরহাদ।
বামপন্থী ছাত্রসংগঠন:
২০১৯ ডাকসুর মতো এবারও বামপন্থী ছাত্রসংগঠনগুলো জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশগ্রহণ করবে বলে জানা গেছে। সেক্ষেত্রে, গনতান্ত্রিক ছাত্র জোটের ব্যানারে তাদের নির্বাচন করার কথা রয়েছে। জোটের ভিপি ও জিএস পদে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাবি শাখা সভাপতি মেঘমল্লার বসু ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি সালমান সিদ্দিকীর নাম শোনা যাচ্ছে।
অন্যান্য সংগঠন ও স্বতন্ত্র:
অন্যান্য ছাত্রসংগঠনের মধ্যে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা ও স্বাধীন বাংলাদেশ ছাত্রসংসদের আহ্বায়ক জামালুদ্দিন মোহাম্মদ খালিদের নাম শোনা যাচ্ছে। তারা এর আগে ডাকসুর দাবিতে অনশন করে আলোচনায় এসেছিলেন। এছাড়াও, স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক উমামা ফাতেমা সর্বপ্রথম ভিপি পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। একইসাথে, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মহিউদ্দিন মুজাহিদ মাহি আলোচনায় রয়েছেন। পাশাপাশি, জুলাই ঐক্যের সংগঠক এবি জোবায়ের ও মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের নামও শোনা যাচ্ছে।
নতুন যা থাকছে:
এবারের ডাকসু নির্বাচনে বেশ কিছু নতুনত্ব থাকছে। এবারেই প্রথমবারের মতো ডাকসুর ব্যালট পেপার ব্রেইল পদ্ধতিতে ছাপা হবে। এছাড়াও, নির্বাচনের আচরণবিধি অনুযায়ী কোন প্রার্থী পাঁচজনের বেশি সমর্থক সাথে নিয়ে মনোনয়নপত্র গ্রহণ ও জমা দিতে পারবেন না। পাশাপাশি, নির্বাচনের প্রচারণার জন্য কেবল সাদাকালো পোস্টার ও লিফলেট ব্যবহার করা যাবে। তবে তা কোন স্থাপনায় লাগানো যাবে না।
এছাড়াও, এবারের ডাকসু নির্বাচনে ছাত্রসংগঠনগুলোর পক্ষ থেকে গুরুত্বপূর্ণ একটি দাবি ছিল হলের বাইরে ভোটকেন্দ্র করা। সেই দাবি মেনে ডাকসু নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর বাইরে ভোটকেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত হয়েছে।
কেন্দ্রগুলো হলো: এক. কার্জন হল কেন্দ্র (পরীক্ষার হল); ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হল, অমর একুশে হল ও ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থীরা এখানে ভোট দেবেন। দুই. শারীরিক শিক্ষা কেন্দ্র; জগন্নাথ হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ও সলিমুল্লাহ মুসলিম হলের শিক্ষার্থীরা এখানে ভোট দেবেন। তিন. ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি); রোকেয়া হল, শামসুন নাহার হল ও কবি সুফিয়া কামাল হলের শিক্ষার্থীরা এখানে ভোট দেবেন। চার. ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্র; বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল ও শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের শিক্ষার্থীরা এখানে ভোট দেবেন। পাঁচ. সিনেট ভবন কেন্দ্র (অ্যালামনাই ফ্লোর, সেমিনার কক্ষ, ডাইনিংরুম); স্যার এ এফ রহমান হল, হাজী মুহম্মদ মুহসীন হল ও বিজয় একাত্তর হলের শিক্ষার্থীরা এখানে ভোট দেবেন। ছয়. উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র; সূর্যসেন হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, শেখ মুজিবুর রহমান হল ও কবি জসীমউদ্দীন হলের শিক্ষার্থীরা এখানে ভোট দেবেন।
স্বদেশ প্রতিদিন/ আরএফ