প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ১:১৪ পিএম

পটুয়াখালীর বাউফলে সাধারণ মানুষের কাছ থেকে প্রায় দুই কোটি টাকা হাতিয়ে নিয়ে শামিম খান নামের এক ব্যবসায়ী উধাও হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
গত শনিবার (২৭ জুলাই) থেকে তিনি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে অর্থ সংগ্রহ শুরু করেন। সুদের পরিবর্তে 'হালাল পদ্ধতিতে' বিনিয়োগ করে মুনাফা দেওয়ার প্রলোভন দেখিয়ে নিজের প্রতিষ্ঠানে টাকা জমা দিতে উৎসাহিত করেন শামিম।
তার এই অভিনব প্রতারণায় কেউ ১৫ লাখ, কেউ ১০ লাখ, আবার কেউবা ৫ লাখ টাকা বিনিয়োগ করেন। শুধু তাই নয়, বিভিন্ন ব্যাংক ও এনজিও থেকে অন্যদের সাক্ষী করে মোটা অংকের ঋণও গ্রহণ করেন তিনি।
এভাবে তিনি প্রায় দুই কোটি টাকা হাতিয়ে নিয়ে গা ঢাকা দিয়েছেন।
প্রতারণার শিকার গৃহিণী নাঈমা বলেন, ‘আমার কাছ থেকে ৯ লাখ টাকা নিয়েছেন শামিম।’
আসাদ তালুকদার বলেন, ‘আমার বোন ও ভাগ্নির কাছ থেকে ১৫ লাখ টাকা, প্রভাষক ফাতিমা বেগমের কাছ থেকে ৫ লাখ, আনসার মিয়ার মেয়ে তোমার কাছ থেকে ৫ লাখ এবং আনসার মিয়ার ছেলে রিজনকে সাক্ষী করে ব্র্যাক থেকে ৬ লাখ টাকা ঋণ নিয়েছেন শামিম।’
এক ভুক্তভোগী বলেন, ‘মাত্র ২০ হাজার টাকা পুঁজি নিয়ে শামিম ৫ থেকে ৬ বছর আগে ব্যবসা শুরু করেন। পরে বিভিন্ন মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে মোটা অংকের টাকা নিয়ে রাতারাতি পরিবর্তন ঘটে তার জীবনে। এখন পাওনা টাকার জন্য চাপ দিলে তিনি পালিয়ে যান।’
অভিযোগের বিষয়ে জানতে শামিম খানের মুঠোফোনে একাধিকবার কল করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে বাউফল থানার ওসি আখতারুজ্জামান সরকার বলেন, ‘এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
স্বদেশ প্রতিদিন/এমএম