প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ১:০৫ পিএম

রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানাসহ ২৩ জনের বিরুদ্ধে দায়ের করা ৬টি মামলার বিচার শুরুর নির্দেশ দিয়েছে ঢাকার দুটি বিশেষ জজ আদালত।
বৃহস্পতিবার (৩১ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন তিনটি মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এসব মামলার একটিতে শেখ হাসিনাসহ ১২ জন, দ্বিতীয়টিতে সজীব ওয়াজেদ জয় ও শেখ হাসিনাসহ ১৭ জন এবং তৃতীয়টিতে সায়মা ওয়াজেদ পুতুল ও শেখ হাসিনাসহ ১৮ জনকে আসামি করা হয়েছে।
অন্যদিকে, বাকি তিন মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক মো. রবিউল আলম অভিযোগ গঠন করেন। এসব মামলায় একটিতে শেখ রেহানা, টিউলিপ সিদ্দিক ও শেখ হাসিনাসহ ১৭ জন, আরেকটিতে আজমিনা সিদ্দিক, টিউলিপ ও শেখ হাসিনাসহ ১৮ জন এবং তৃতীয় মামলায় রাদওয়ান মুজিব সিদ্দিক, টিউলিপ ও শেখ হাসিনাসহ ১৮ জন আসামি রয়েছেন। মামলার আসামিরা আদালতে অনুপস্থিত থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম জানান, প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দায়ের করা ছয়টি মামলায় আদালত অভিযোগ গঠন করেছে। ঢাকার দুইটি বিশেষ জজ আদালতে মামলাগুলো বিচারাধীন রয়েছে।
বিশেষ জজ আদালত-৫ এর অধীন মামলাগুলোর সাক্ষ্যগ্রহণ শুরু হবে আগামী ১১ আগস্ট। অন্যদিকে বিশেষ জজ আদালত-৪ এ দায়ের করা মামলাগুলোর সাক্ষ্যগ্রহণের দিন ধার্য হয়েছে ১৩ আগস্ট।
উল্লেখ্য, গত জানুয়ারিতে দুর্নীতি দমন কমিশন পৃথকভাবে ছয়টি মামলা দায়ের করে। মামলার অভিযোগে বলা হয়, ক্ষমতায় থাকাকালীন শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা সরকারি ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল আবাসন প্রকল্পের ২৭ নম্বর সেক্টরে প্রতিজনের নামে ১০ কাঠা করে প্লট বরাদ্দ নেন, যা অনৈতিক ও অবৈধ। অভিযুক্তদের মধ্যে আছেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, রেহানার মেয়ে ও যুক্তরাজ্যের এমপি টিউলিপ সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক এবং আরেক মেয়ে আজমিনা সিদ্দিকসহ আরও অনেকে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ