মৃত্যুর আগে সঞ্জয়কে ৭২ কোটি টাকার সম্পদ দিয়ে যান নারীভক্ত, অতঃপর...
প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ১১:২৬ AM

বলিউডের মুন্না ভাই খ্যাত জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্তের নামে ৭২ কোটি টাকার সম্পদ লিখে যান এক অন্ধভক্ত নিশা পাটিল। পর্দার চরিত্রে মুগ্ধ হয়ে এই সিদ্ধান্ত নেন তিনি। এরপর সেই অর্থ নিয়ে কী করেছিলেন সঞ্জয় দত্ত- এ নিয়ে ভক্ত ও গণমাধ্যমে তৈরি হয় ব্যাপক কৌতূহল। সম্প্রতি এ বিষয়ে মুখ খুলেছেন অভিনেতা নিজেই।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ৬২ বছর বয়সী নিশা পাটিল ছিলেন মুম্বাই শহরের বাসিন্দা। জীবনের শেষ সময়ে জটিল রোগে আক্রান্ত হন তিনি। তখনই ২০১৮ সালে মৃত্যুর আগেই নিজের প্রায় ৭২ কোটি টাকার সম্পদ অভিনেতা সঞ্জয় দত্তের নামে উইল করে যান।
প্রতিবেদনে আরও জানানো হয়, তিনি মৃত্যুর পর তার অর্থ সঞ্জয় দত্তের অ্যাকাউন্টে স্থানান্তরের জন্য বিভিন্ন ব্যাংকেও লিখিত অনুরোধ করে যান। বিস্ময়ের ব্যাপার, জীবদ্দশায় একবারের জন্যও সঞ্জয় দত্তের সঙ্গে সরাসরি দেখা হয়নি নিশার। কেবল সিনেমার চরিত্র দেখে গড়ে উঠেছিল তার মুগ্ধতা ও একরকম আত্মিক টান।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সঞ্জয় দত্ত বলেন, ‘আমি যখন ঘটনাটি শুনি, সত্যিই হতবাক হয়ে যাই। আমি তো নিশা পাটিলকে চিনতামই না। কিন্তু আমার নৈতিকতা আমাকে অনুমতি দেয়নি সেই অর্থ গ্রহণ করতে। আমি পুরো টাকাই তার পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছি।’
ঘটনাটি নিয়ে সামাজিক মাধ্যমে ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। কেউ কেউ নিশার একনিষ্ঠতা ও ভালোবাসাকে ‘অবিশ্বাস্য’ বলেও অভিহিত করেছেন, আবার অনেকে সঞ্জয়ের পদক্ষেপকে দেখছেন সততা ও মানবিকতার দৃষ্টান্ত হিসেবে।
সঞ্জয় দত্ত বলিউডের অন্যতম প্রভাবশালী অভিনেতা। কিংবদন্তি অভিনেতা সুনীল দত্ত ও অভিনেত্রী নার্গিস-এর পুত্র তিনি। ১৯৮১ সালে ‘রকি’ সিনেমার মাধ্যমে তার চলচ্চিত্র অভিষেক হয়। প্রথম ছবিতেই সাফল্যের মুখ দেখেন সঞ্জয়। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। এখন পর্যন্ত তিনি ১৩৫টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন এবং বলিউডে ‘সাঞ্জু বাবা’ নামে পরিচিত। একসময় তার ‘চকোলেট বয়’ ইমেজ অনেক তরুণীর হৃদয়ে ঝড় তুলেছিল।
স্বদেশ প্রতিদিন/এমএম