প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ১১:০৮ AM

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক প্রোগ্রামে ভর্তি হওয়া শিক্ষার্থীদের পরিচিতি সভা (ওরিয়েন্টেশন) আগামী ১৪ আগস্ট অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (২৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৪ আগস্ট, বৃহস্পতিবার সকাল ৯টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের অভ্যন্তরে মুক্তমঞ্চে ওরিয়েন্টেশন অনুষ্ঠানটি আয়োজন করা হবে। ওই দিনই শিক্ষার্থীদের বিভাগভিত্তিক পরিচিতি, কোর্স রেজিস্ট্রেশন এবং একাডেমিক কার্যক্রম সম্পর্কে দিকনির্দেশনাও দেওয়া হবে।
এছাড়া, হলভর্তি সংক্রান্ত কার্যক্রম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্ধারিত সময়সূচি অনুযায়ী সম্পন্ন করতে হবে।
নতুন শিক্ষাবর্ষের ক্লাস আনুষ্ঠানিকভাবে শুরু হবে আগামী ১৭ আগস্ট (রবিবার) থেকে, সকল বিভাগে একযোগে।
স্বদেশ প্রতিদিন/এমএম