প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ১১:৫৯ AM আপডেট: ৩১.০৭.২০২৫ ১২:১২ PM

কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এ সময় চীনা রাষ্ট্রদূত বাংলাদেশকে কৃষি খাতে অত্যাধুনিক ড্রোন প্রযুক্তি হস্তান্তরে আগ্রহ প্রকাশ করেন।
বুধবার (৩০ জুলাই) সচিবালয়ের কৃষি মন্ত্রণালয়ের অফিস কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে কৃষিপণ্য রপ্তানি, কৃষি-প্রযুক্তি, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
উপদেষ্টা বলেন, ‘চীন বাংলাদেশের দীর্ঘদিনের উন্নয়ন সহযোগী। দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ইতিহাস অর্ধশতাব্দীর। এই সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে।’
সাক্ষাতে উপদেষ্টা চীনকে চলতি মৌসুমে বাংলাদেশ থেকে আম আমদানি করার জন্য ধন্যবাদ জানান। পাশাপাশি, আগামী মৌসুমে আমের পাশাপাশি কাঁঠাল ও সুগন্ধি চাল আমদানির বিষয়েও অনুরোধ জানান।
বাংলাদেশের কৃষিকে আধুনিক ও যান্ত্রিক করতে চীনকে সহায়তার আহ্বান জানান উপদেষ্টা। তিনি বলেন, ‘আধুনিক কোল্ড স্টোরেজ স্থাপন, কৃষকদের প্রশিক্ষণ এবং যান্ত্রিকীকরণ প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে কৃষি উন্নয়ন আরও বেগবান হবে।’
এ সময় রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, ‘চীন বাংলাদেশের কৃষি খাতে একসঙ্গে কাজ করতে আগ্রহী। কৃষিক্ষেত্রে অত্যাধুনিক ড্রোন প্রযুক্তি হস্তান্তর, নিরাপদ খাদ্য উৎপাদন এবং সার কারখানা স্থাপনসহ একাধিক খাতে যৌথভাবে কাজ করতে চায় চীন।’
সাক্ষাৎ শেষে উভয় পক্ষ ভবিষ্যতে দুই দেশের কৃষি খাতে সহযোগিতা আরও গভীর করার বিষয়ে ঐকমত্যে পৌঁছায়।
স্বদেশ প্রতিদিন/এমএম