প্রকাশ: বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ৩:৪৬ পিএম

জুলাই গণ-অভ্যুত্থানের স্মরণে আয়োজিত মাসব্যাপী 'জুলাই পুনর্জাগরণ' অনুষ্ঠানমালার অংশ হিসেবে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য শোভাযাত্রা।
বুধবার (৩০ জুলাই) সকালে খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) আয়োজনে শিববাড়ি মোড় থেকে এ শোভাযাত্রা শুরু হয়।
অনুষ্ঠানটির উদ্বোধন করেন প্রধান অতিথি খুলনার বিভাগীয় কমিশনার ও কেসিসি প্রশাসক মোঃ ফিরোজ সরকার।
শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি বলেন, “ছাত্র-জনতা আমাদেরকে একটি নতুন বাংলাদেশ উপহার দিয়েছেন তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে। এই গণ-অভ্যুত্থান ছাত্র-জনতা সবাইকে নতুন করে বাঁচতে শিখিয়েছে। আমরা চাই একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়তে, যেখানে থাকবে না কোন ভেদাভেদ। সবাই সমান অধিকার ভোগ করবে এবং একে অপরের সাথে সম্পর্ক ভালো রাখবে। তাহলেই আমরা একটি নতুন বাংলাদেশ গড়ার সুযোগ পাবো।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন খুলনা জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম, খুলনা রেঞ্জের ডিআইজি মোঃ রেজাউল হক এবং জুলাই আন্দোলনে শহীদ শাকিব রায়হানের পিতা শেখ মোঃ আব্দুল আজিজ। এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতা, ছাত্র আন্দোলনের প্রতিনিধিসহ নানা শ্রেণি-পেশার মানুষ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।
শোভাযাত্রাটি শিববাড়ি মোড় থেকে শুরু হয়ে শেষ হয় শহীদ হাদিস পার্কে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ