প্রকাশ: বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ৩:৪৩ পিএম

পিরোজপুরে একটি হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (৩০ জুলাই) দুপুরে পিরোজপুরের জেলা ও দায়রা জজ মো. মজিবুর রহমান এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- পিরোজপুর সদর উপজেলার গুয়াবাড়িয়া গ্রামের মৃত সেকেন্দার আলী শেখের ছেলে মজিবর শেখ, কুমিরমারা গ্রামের মোখলেছ হাওলাদারের ছেলে ফোরকান হাওলাদার এবং মরিচাল গ্রামের মৃত খালেক শেখের ছেলে মো. মাহাবুব।
রায় ঘোষণার সময় আসামি ফোরকান হাওলাদার আদালতে উপস্থিত ছিলেন না। মামলায় ৮ আসামির মধ্যে ৫ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাদের বেকসুর খালাস দেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৯ এপ্রিল পিরোজপুর সদর উপজেলার কুমিরমারা গ্রামের মৃত কাসেম হাওলাদারের ছেলে জামাল হাওলাদার রাতে চায়ের দোকান থেকে কাজ শেষে বাড়ি ফিরছিলেন। পথে কুমিরমারার স্লুইস গেট এলাকায় অভিযুক্তরা তার পথরোধ করে ধারালো অস্ত্র ও রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন।
পরে তাকে একটি ট্রলারে তুলে পিরোজপুরের হুলারহাট বাজারের খালের পাড়ে একটি গাছের সঙ্গে ট্রলারটি বেঁধে রেখে পালিয়ে যায়। রাত ১টার দিকে বাজারের নৈশপ্রহরী আনছার আলী জামালকে আহত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ জামালকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ১০ এপ্রিল তার মৃত্যু হয়।
ঘটনার পর নিহতের ভাই কামাল হাওলাদার বাদী হয়ে ৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। দীর্ঘ সাক্ষ্য ও প্রমাণ শেষে আদালত আজ রায় ঘোষণা করেন।
মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবুল কালাম আকন এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট আহসানুল কবীর বাদল।
স্বদেশ প্রতিদিন/এমএম