প্রকাশ: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ৭:৪৬ পিএম আপডেট: ২৯.০৭.২০২৫ ৭:৪৯ PM

তিতাসে জনবল সংকটে পল্লী বিদ্যুতের সেবা ব্যাহত
জনবল সংকটে কার্যত বিপর্যস্ত কুমিল্লার তিতাস উপজেলার পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর বাতাকান্দি সাব-জোনাল অফিস। পর্যাপ্ত কর্মী না থাকায় নিয়মিত বিদ্যুৎ বিভ্রাটের পাশাপাশি ভোগান্তিতে গ্রাহকরা।
জানা গেছে, এ উপকেন্দ্র থেকে প্রায় ৩৭ হাজার গ্রাহককে সেবা দেওয়া হয়। নতুনভাবে আরও শতাধিক গ্রাহকের সংযোগ কাজও চলমান। কিন্তু গ্রাহক সংখ্যা বাড়লেও বাড়েনি জনবল। বর্তমানে অফিসটিতে ১৪-১৫ জনের স্থলে মাত্র ৮ জন লাইনক্রু কাজ করছেন। এর মধ্যেও কয়েকজনকে সাব-স্টেশনেও দায়িত্ব পালন করতে হয়। যেখানে প্রতি ২ হাজার গ্রাহকের জন্য একজন লাইনম্যান থাকার কথা, সেখানে মাত্র ২ জন লাইনম্যান দিয়ে পুরো উপজেলার সেবা পরিচালনা করা হচ্ছে।
এই সংকটে সরকারের নির্ধারিত ৮ ঘণ্টার ডিউটি শিডিউল ও সাপ্তাহিক ছুটি বাস্তবায়ন করাও কঠিন হয়ে পড়েছে। এর সঙ্গে সাম্প্রতিক দুর্যোগপূর্ণ আবহাওয়া পরিস্থিতি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
অভিযোগ অনুযায়ী, নির্ধারিত সময়ে সমস্যার সমাধান সম্ভব না হওয়ায় বহু অভিযোগ দিনের পর দিন ঝুলে থাকে। এতে গ্রাহকদের মধ্যে পল্লী বিদ্যুৎ নিয়ে হতাশা ও অনাস্থা তৈরি হচ্ছে।
মাছিমপুর এলাকার বাসিন্দা জহির মিয়া বলেন, “লাইনে সমস্যা দেখা দিলে অনেক সময় একদিন পর্যন্ত বিদ্যুৎ থাকে না। এতে চরম দুর্ভোগে পড়ি আমরা।”
এলাকাবাসীর দাবি, সেবার মান উন্নয়নে দ্রুত প্রয়োজনীয় জনবল নিয়োগ দিতে হবে।
এ বিষয়ে পল্লী বিদ্যুতের তিতাস জোনাল অফিসের এজিএম আসাদুজ্জামান রিপন বলেন, “আমাদের সাব-জোনে প্রয়োজনের তুলনায় জনবল অনেক কম। মাত্র ২-৩ জন লাইনম্যান দিয়ে পুরো উপজেলায় সেবা দিতে হচ্ছে। ফলে জরুরি সেবা ব্যাহত হচ্ছে। বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আশা করছি, দ্রুত সমাধান হবে।”