প্রকাশ: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ৬:৩৭ পিএম

বাল্কহেডের সঙ্গে সেতুর ধাক্কায় যুবকের মৃত্যু
পটুয়াখালীর বাউফলে বালু বোঝাই একটি বাল্কহেড সেতুর নিচ দিয়ে যাওয়ার সময় সেতুর সঙ্গে ধাক্কা লেগে এক শ্রমিকের মাথা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
আজ মঙ্গলবার (২৯ জুলাই) বিকেল সাড়ে ৩ টার দিকে বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নের পাকঢাল গ্রামের খানবাড়ি সংলগ্ন খালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের নাম শাকিব। তিনি কালাইয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় একটি কারখানা থেকে বালু বোঝাই করে বাল্কহেডটি দেওপাশা এলাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে, খানবাড়ি সেতুর নিচ দিয়ে পার হওয়ার সময় শাকিব বাল্কহেডের উপর বসা ছিলেন। সেতুটির উচ্চতা কম হওয়ায় অসাবধানতাবশত মাথা সেতুর সঙ্গে ধাক্কা খায় এবং সঙ্গে সঙ্গেই মাথা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। মাথাটি ছিটকে পড়ে পাশের খালে। ঘটনাস্থলেই মারা যান তিনি।
পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করেন।