
ছাত্রদলের বিক্ষোভ
নওগাঁর মান্দা উপজেলার মমিন শাহানা সরকারি ডিগ্রি কলেজে জাতীয়তাবাদী ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটিকে কেন্দ্র করে বিক্ষোভ দেখা দিয়েছে।
কমিটিতে ছাত্রলীগ সংশ্লিষ্ট কয়েকজনকে অন্তর্ভুক্ত করার অভিযোগ তুলেছেন সংগঠনের একাংশ। একই সাথে রাজপথের ত্যাগী, পরীক্ষিত এবং নির্যাতিত ছাত্রদল নেতাদের বঞ্চিত করার অভিযোগও উঠেছে।
আজ সোমবার (২৮ জুলাই) দুপুরে কলেজ প্রাঙ্গণে বিক্ষোভ কর্মসূচি পালন করেন পদবঞ্চিত ছাত্রদল নেতাকর্মীরা।
তারা কমিটি বাতিলের দাবি জানিয়ে বলেন, “এতে সংগঠনের আদর্শ ও গঠনতন্ত্র লঙ্ঘিত হয়েছে।”
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, “ঘোষিত কমিটিতে ছাত্রলীগের একাধিক পরিচিত মুখকে জায়গা দেওয়া হয়েছে। বিপরীতে যারা দীর্ঘদিন ধরে রাজপথে সক্রিয় থেকেছেন, দলীয় নিপীড়নের শিকার হয়েছেন, তাদের বাদ দেওয়া হয়েছে।”
বক্তারা এ কমিটিকে সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে অবিলম্বে তা বাতিলের দাবি জানান।
সমাবেশে উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের সহ-সভাপতি রিমন দেওয়ান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রিসালাত-ই সাজিদ, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল রানা ও রকি বাবু, ছাত্রী বিষয়ক সম্পাদক সুমি আক্তার, সদস্য মো. শুভ, হৃদয় হাসান, ফজলে রাব্বি, আশিকুর রহমান প্রমুখ।
এ বিষয়ে কলেজ ছাত্রদলের সভাপতি মো. এজাজ আহম্মেদ পায়েল বলেন, “কেন্দ্র থেকে প্রতিনিধিরা এসে যাদের যোগ্য মনে করেছেন, তাদেরই নাম কমিটিতে অন্তর্ভুক্ত করেছেন।”
তবে বিক্ষোভকারীদের অভিযোগ, যোগ্যতা নয়, বরং পরিচিতি ও রাজনৈতিক সুবিধাবাদিতার ভিত্তিতে কমিটি গঠন করা হয়েছে। এতে প্রকৃত ছাত্রদল কর্মীরা চরমভাবে উপেক্ষিত হয়েছেন।
বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়েছেন, দাবি মানা না হলে সামনে আরও বড় কর্মসূচি ঘোষণা করা হবে।