প্রকাশ: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ১১:৪৫ AM আপডেট: ২৯.০৭.২০২৫ ১১:৫৩ এএম

নাটোরের গুরুদাসপুর উপজেলায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা টোলপ্লাজা এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে রডভর্তি দ্রুত গামী ট্রাকের ধাক্কায় এক দুর্ঘটনায় হেলপার নিহত হয়েছেন এবং ট্রাকচালক আহত হয়েছেন।
মঙ্গলবার (২৯ জুলাই) সকাল আনুমানিক ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হেলপারের নাম আবু সাঈদ (১৮)। তিনি রাজশাহীর কাশিয়াডাঙা থানার উত্তর বালিয়া গ্রামের বাসিন্দা এবং এনামুল ড্রাইভারের ছেলে। আহত চালক নাসিম হোসেন (২৫) একই গ্রামের টিটু ড্রাইভারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একটি রডভর্তি ট্রাক হেলপার আবু সাঈদ নিজেই চালাচ্ছিলেন। তার পাশেই বসে ছিলেন চালক নাসিম হোসেন। কাছিকাটা টোলপ্লাজার পূর্ব পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন দিক থেকে অতিমাত্রায় গতিতে ধাক্কা দিলে ঘটনাস্থলেই আবু সাঈদের মৃত্যু হয়। চালক নাসিম গুরুতর আহত হন। তবে দাঁড়িয়ে থাকা ট্রাকটিতে কেউ না থাকায় তাতে কেউ হতাহত হয়নি।
দুর্ঘটনার কারণে মহাসড়কে প্রায় ৩০ মিনিট যান চলাচল ব্যাহত হয়। পরবর্তীতে ট্রাক সরিয়ে নেওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
এ বিষয়ে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসমাউল হক বলেন, “ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
স্বদেশ প্রতিদিন/কেআইকে