প্রকাশ: সোমবার, ২৮ জুলাই, ২০২৫, ৯:১৮ পিএম আপডেট: ২৮.০৭.২০২৫ ৯:২৩ PM

শাপলা ফুল তুলতে গিয়ে দুই শিক্ষার্থীর মৃত্যু
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের উত্তর কুটিচন্দ্রখানা এলাকায় শাপলা ফুল তুলতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ হারিয়েছে ষষ্ঠ শ্রেণির দুই শিক্ষার্থী।
আজ সোমবার (২৮ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন উত্তর কুটিচন্দ্রখানা গ্রামের আশা মনি (১১) ও আবু বক্কর সিদ্দিকের মেয়ে সুমাইয়া (১১)।
স্থানীয়রা জানান, সোমবার বিকেলে পরিবারের অজান্তে দুই শিক্ষার্থী বাড়ি থেকে বের হয়। দীর্ঘক্ষণ পরও তাদের খোঁজ না মেলায় আত্মীয়-স্বজনরা খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে বাড়ি থেকে প্রায় ২০০ গজ দূরের একটি পুকুরে তাদের মরদেহ ভাসতে দেখা যায়। পরে স্থানীয়রা পুকুর থেকে মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।
পরিবার ও স্থানীয়দের ধারণা, তারা পুকুরে শাপলা ফুল তুলতে গিয়েছিল।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ঘটনাস্থলে যাচ্ছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”