প্রকাশ: সোমবার, ২৮ জুলাই, ২০২৫, ৪:২০ পিএম আপডেট: ২৮.০৭.২০২৫ ৭:৩৭ PM

লালমনিরহাটে সিগন্যাল ত্রুটির কারণে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়ে উল্টে যায় এবং ইঞ্জিনের মারাত্মক ক্ষতি হয়। এ ঘটনায় বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন।
সোমবার (২৮ জুলাই) দুপুর ২টার দিকে লালমনিরহাট বিভাগীয় রেল স্টেশনের উত্তর পাশে বিডিআর গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষে জড়ানো অন্য ট্রেনটি ছিল পাটগ্রামের বুড়িমারী থেকে ছেড়ে আসা একটি লোকাল ট্রেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, লোকাল ট্রেনটি স্টেশনে প্রবেশের সময় লালমনি এক্সপ্রেস ওয়াশপিটের দিকে অগ্রসর হচ্ছিল। কিন্তু সিগন্যাল ত্রুটির কারণে দুটি ট্রেন একই লাইনে চলে আসায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লালমনি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয় এবং দুটি বগি লাইনচ্যুত হয়ে উল্টে যায়। সঙ্গে সঙ্গে যাত্রীদের মধ্যে হুলস্থুল পড়ে যায়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও রেলওয়ে পুলিশের যৌথ উদ্ধারকারী দল। তারা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং দুর্ঘটনাকবলিত ট্রেন সরিয়ে নেওয়ার কাজ শুরু করে।
লালমনিরহাট রেলওয়ে স্টেশন মাস্টার নুরনবী বলেন, “উদ্ধার অভিযান শেষে বিস্তারিত তথ্য জানানো হবে। আপাতত যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের অগ্রাধিকার।”
এদিকে দুর্ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা রেলওয়ের সিগন্যাল ব্যবস্থা এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন। দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদ্ঘাটন ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।
লালমনিরহাট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হাসান বলেন, “ঘটনার সত্যতা আমরা নিশ্চিত করেছি। তবে কীভাবে এমন সংঘর্ষ ঘটল, তা তদন্ত না করে বলা সম্ভব নয়। তদন্ত শুরু হয়েছে।”
রেলওয়ের সংশ্লিষ্ট বিভাগ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার ফলে সাময়িকভাবে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে জোর চেষ্টা চলছে।