প্রকাশ: রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ৬:৩৬ পিএম

সংগৃহীত ছবি
দুর্নীতি দমন কমিশন (দুদক) বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল (অব.) শেখ আব্দুল হান্নান এবং তার স্ত্রী তাহমিদা বেগমের বিরুদ্ধে জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জন ও সন্দেহজনক লেনদেনের অভিযোগে দুটি পৃথক মামলা দায়েরের অনুমোদন দিয়েছে। দুদক বলছে, “তাদের সন্তানদের নামে কানাডা, দুবাই, কাতারসহ বিভিন্ন দেশে ব্যবসাপ্রতিষ্ঠান ও বিপুল সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে।”
আজ রবিবার (২৭ জুলাই) দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থার মহাপরিচালক আক্তার হোসেন।
তিনি বলেন, “শেখ আব্দুল হান্নান জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণভাবে ৩ কোটি ২৮
লাখ ৫১ হাজার টাকার সম্পদ অর্জন করেছেন। পাশাপাশি তার ছয়টি ব্যাংক হিসাবে
২৭ কোটি ৬৩ লাখ টাকার বেশি সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে। রাষ্ট্রের
গুরুত্বপূর্ণ পদে থেকে ক্ষমতার অপব্যবহার করে এসব অবৈধ সম্পদ করেছেন।”
এর আগে চলমান অনুসন্ধানের অংশ হিসেবে আদালতের আদেশে তাদের বিদেশযাত্রায়
নিষেধাজ্ঞা জারি করা হয়। পাশাপাশি ৩৮টি ব্যাংক হিসাব জব্দ এবং ঢাকার অভিজাত
এলাকায় তাদের মালিকানাধীন একাধিক ফ্ল্যাট ও জমি জব্দ করা হয়।
শুধু শেখ আব্দুল হান্নানই নন, তার স্ত্রী তাহমিদা বেগমের বিরুদ্ধেও অনিয়মের প্রমাণ পেয়েছে দুদক। দুদক বলছে, “স্বামীর সহায়তায় তিনি ১ কোটি ৯১ লাখ টাকার বেশি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ নিজের দখলে রেখেছেন। পাশাপাশি তার ৩২টি ব্যাংক হিসাবে প্রায় ১ কোটি ১৮ লাখ টাকার লেনদেন করেছেন।”