প্রকাশ: রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ৬:০৪ পিএম

দেশীয় অস্ত্র ও মাদকসহ আটক ২
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় যৌথবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও মাদকসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
আজ রবিবার (২৭ জুলাই) দুপুর ১২টার দিকে যৌথবাহিনীর একটি টহল দল উপজেলার ব্রাহ্মন্দী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ব্রাহ্মন্দী এলাকার মো. আরিফ এবং কৃষ্ণপুরা গ্রামের মো. আব্দুল হালিম দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে নিজ বাড়ি থেকে আটক করা হয়।
অভিযানকালে টহল দল তাদের কাছ থেকে সাড়ে ৪ কেজি গাঁজা, নগদ ৩৭ হাজার ৬৬০ টাকা, ৪টি চাপাতি এবং ৩টি ছুরি জব্দ করে।
উল্লেখ্য, দুপুর ১টা ৪০ মিনিটে আটককৃতদের আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।