
“ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল)” নামে এক শিক্ষক সংগঠন আত্মপ্রকাশ করেছে।
জ্ঞান,
আত্মমর্যাদা, বিশ্বাস ও স্বাধীনতা- এই চার মূলনীতিকে ধারণ করে ঢাকা
বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) “ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল)” নামে এক
শিক্ষক সংগঠন আত্মপ্রকাশ করেছে।
আজ শনিবার (২৬ জুলাই) বেলা ১১ টায় ঢাবির টিএসসিতে এক অনুষ্ঠানের মাধ্যমে আত্মপ্রকাশ করে সংগঠনটি।
২৪
এর জুলাই বিপ্লবে শাহাদাত বরণকারী শহীদ ওসমানের পিতা মো. আবদুর রহমানের
ঘোষণার মধ্য দিয়ে সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে। এসময়, দেশের বিভিন্ন পাবলিক ও
প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ উপাচার্য, কোষাধ্যক্ষ, সিনিয়র
অধ্যাপক, অবসরপ্রাপ্ত অধ্যাপক, শিক্ষাবিদ ও জুলাইয়ের শহীদ পরিবারের
সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সংগঠনটি আত্মপ্রকাশের উদ্দেশ্য সম্পর্কে
বক্তারা বলেন, “২০২৪ এর জুলাই মাসে ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে যে
বিপ্লবের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তা বাংলাদেশের জাতীয় চেতনায় এক নতুন জাগরণ
সৃষ্টি করেছে। এই প্রেক্ষাপটে প্রয়োজন হয়ে পড়েছে একটি পেশাদার শিক্ষক
সংগঠনের; যা শিক্ষকদের মর্যাদা রক্ষা, অ্যাকাডেমিক সততা, নিরাপদ ক্যাম্পাস ও
শিক্ষা পরিবেশ নিশ্চিতকরণ, গবেষণায় উৎকর্ষতা সাধন এবং গঠনমূলক সম্পৃক্ততা ও
নীতিনির্ধারণের মাধ্যমে জাতীয় উন্নয়নে ভূমিকা রাখতে সক্ষম। ইউটিএল এই
প্রয়োজন থেকেই জন্ম নেওয়া শিক্ষকগণের একটি জাতীয় সংগঠন। এই সংগঠনের অন্যতম
উদ্দেশ্য হলো রাজনৈতিক আনুগত্যের সংস্কৃতি থেকে মুক্ত হয়ে শিক্ষা, গবেষণা,
আত্মমর্যাদা, চিন্তার স্বাধীনতা ও জাতীয় দায়িত্ববোধকে এগিয়ে নেওয়া।”
উল্লেখ্য, অনুষ্ঠানে ঢাবির ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো. আতাউর রহমান বিশ্বাসকে আহ্বায়ক ঘোষণা করে কমিটি গঠন করা হয়।
এতে
সহ আহ্বায়ক হিসেবে রয়েছেন ঢাবির ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের
অধ্যাপক ড. এস মুনিরা আহসান, অ্যাকাউন্টিং বিভাগের অধ্যাপক ড. মনজুর
মোর্শেদ, আরবি বিভাগের অধ্যাপক ড. যোবায়ের এহসানুল হক, রাবির সমাজকর্ম
বিভাগের অধ্যাপক ড. আক্তার হোসেন মজুমদার, চবির ভূগোল ও পরিবেশ বিভাগের
অধ্যাপক ড. কাজী আবুল বরকত, বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের
অধ্যাপক ড. মো. মাহবুবুর রাজ্জাক এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের
অ্যাকাউন্টিং ও ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. আ ক ম ওয়ারেসুল করিম।
এছাড়াও
ইউটিএলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন জবির ইতিহাস বিভাগের
অধ্যাপক ড. বিলাল হোসেন ও কোষাধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন ঢাবির ফিন্যান্স
বিভাগের অধ্যাপক ড. মোশাররফ হোসেন মুন্না।
নবগঠিত কমিটির আহ্বায়কের
বক্তব্যে অধ্যাপক ড. মো. আতাউর রহমান বিশ্বাস বলেন, “আমরা সবাইকে সাথে নিয়ে
কাজ করতে চাই। খুব দ্রুতই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। এছাড়াও দেশের সকল
বিশ্ববিদ্যালয়ে এর কার্যক্রম বিস্তৃত করা হবে।”