প্রকাশ: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫, ৩:৫৭ পিএম

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সেবা শুরু করেছে চীনের বিশেষজ্ঞ চিকিৎসকদল।
শুক্রবার (২৫ জুলাই) সকাল ৯টার দিকে চীনা বিশেষজ্ঞদল ইনস্টিটিউটে পৌঁছায়। তাঁরা দগ্ধ ও আহতদের পর্যবেক্ষণ শেষে চিকিৎসাসংক্রান্ত পরামর্শ দেবেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিঙ্গাপুর ও ভারত থেকে আগত চিকিৎসকদের সঙ্গে মিলে সমন্বিত চিকিৎসা পদ্ধতি অনুসরণ করা হবে। দিন শেষে সার্বিক পরিস্থিতি নিয়ে একটি ব্রিফিংও হতে পারে। বর্তমানে ইনস্টিটিউটে ভর্তি ৪২ জন আহতের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
এদিকে, হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। সেনাবাহিনী, পুলিশ, র্যাব ও বিমানবাহিনীর সদস্যরা সার্বক্ষণিক নিরাপত্তা নজরদারিতে রয়েছেন।
বার্ন ইনস্টিটিউট কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে রক্ত বা স্কিন ডোনেশনের প্রয়োজন নেই। আহতদের চিকিৎসা ব্যয় সম্পূর্ণভাবে সরকার বহন করবে।
এর আগে বৃহস্পতিবার রাতে ঢাকায় পৌঁছায় চীনা চিকিৎসকদল। বিমানবন্দরে তাঁদের স্বাগত জানান বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের গ্লোবাল হেলথ ইমার্জেন্সি রেসপন্স অনুবিভাগের প্রধান সৈয়দা জেসমিন সুলতানা মিল্কি।
চীনের দূতাবাস জানিয়েছে, বিশেষজ্ঞ চিকিৎসকরা এসেছেন হুবেই প্রদেশের উহান থার্ড হসপিটাল থেকে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ