প্রকাশ: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫, ৯:২৪ AM

সংগৃহীত ছবি
এবারে মাদারীপুরের রাজৈরের টেকেরহাট বন্দরের একটি প্রাইভেট ল্যাবে এক্স-রে মেশিনের স্ট্যান্ডসহ টিউব খুলে পড়ে তিনজন আহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে আরামবাগ ডি-ল্যাব নামে ওই ল্যাবরেটরিতে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে অন্তরা আক্তার (২৮) নামে এক রোগী রয়েছেন। তিনি রাজৈর উপজেলার ইশিবপুর গ্রামের ইতালি প্রবাসী আনোয়ার মোল্লার স্ত্রী।
জানা যায়, কোমরে ব্যথা নিয়ে অন্তরা আক্তার ওই ক্লিনিকে চিকিৎসা নিতে যান। চিকিৎসক ডা. গোলাম সরোয়ার তাকে এক্স-রে করাতে বলেন। পরীক্ষা চলাকালে এক্স-রে মেশিনের স্ট্যান্ড ও টিউব খুলে অন্তরা ও ক্লিনিকের আরো দুইজন স্টাফের ওপর পড়ে।
প্রত্যক্ষদর্শী ও আহত অন্তরার খালাতো বোন তানিয়া বেগম বলেন, ‘ক্লিনিক কর্তৃপক্ষের দায়িত্বহীনতার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় তাদের বিচার হওয়া উচিত।”
আরামবাগ ডি-ল্যাবের ব্যবস্থাপনা পরিচালক মো. মাসুদ ফরাজী বলেন, “টেকনিশিয়ানরা সঠিকভাবে মেশিন ফিটিং করতে না পারায় দুর্ঘটনাটি ঘটেছে। তবে রোগীর তেমন কিছু হয়নি। আমাদের স্টাফরাই বেশি আহত হয়েছে।’’
রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুল হক বলেন, ‘‘এ ঘটনায়
প্রয়োজনীয় পদক্ষেপ দ্রুত নেয়া হবে যাতে ভবিষ্যতে এমন ঘটনা না ঘটে।’’
রাজৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শামীমা আক্তার বলেন, ‘‘এক্স-রে মেশিন খুলে রোগীর শরীরে পড়ে যাওয়া খুবই অস্বাভাবিক। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’’