প্রকাশ: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫, ১২:২৫ AM

ফাইল ছবি
টানা দুই দিন ধরে দুই দফায় দাম বাড়ার পর অবশেষে কমানো হলো সোনার দাম। প্রতি ভরিতে সর্বোচ্চ এক হাজার ৫৭৪ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
বৃহস্পতিবার (২৪ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। শুক্রবার (২৫ জুলাই) থেকে এই নতুন দাম কার্যকর হবে।
নতুন দাম অনুযায়ী, ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে এক লাখ ৭১ হাজার ৬০১ টাকা। আগের দিন এই মানের সোনা বিক্রি হয়েছে এক লাখ ৭৩ হাজার ১৭৫ টাকায়।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য কমে যাওয়ায় সার্বিক বিবেচনায় এই দাম সমন্বয় করা হয়েছে।
নতুন মূল্যতালিকা অনুযায়ী—
২১ ক্যারেট সোনার প্রতি ভরি এক লাখ ৬৩ হাজার ৭৯৮ টাকা
১৮ ক্যারেট সোনার প্রতি ভরি এক লাখ ৪০ হাজার ৪০০ টাকা
সনাতন পদ্ধতির সোনার প্রতি ভরি এক লাখ ১৬ হাজার ১২৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
তবে রুপার দামে কোনো পরিবর্তন আসেনি।
বর্তমান মূল্য অনুযায়ী—
২২ ক্যারেট রুপার প্রতি ভরি ২ হাজার ৮১১ টাকা
২১ ক্যারেট ২ হাজার ৬৮৩ টাকা
১৮ ক্যারেট ২ হাজার ২৯৮ টাকা
সনাতন পদ্ধতির রুপার প্রতি ভরি ১ হাজার ৭২৬ টাকাই অপরিবর্তিত রয়েছে।
এর আগে, ২২ জুলাই সোনার দাম বাড়িয়ে ২৩ জুলাই তা কার্যকর করে বাজুস। পরদিন ২৪ জুলাই আবারও দাম বাড়ানো হয়, যা একই দিনে কার্যকর হয়। সর্বশেষ দাম কমানোর ঘোষণা এল বৃহস্পতিবার বিকেলে।
স্বদেশ প্রতিদিন/এনআর