প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫, ৩:৩৫ পিএম

অভিযুক্ত আব্দুর রহমান
যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া বাজারে ব্যবসায়ীর কাছে তিন লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।
গতকাল বুধবার (২৩ জুলাই) আব্দুর রহমানকে আটক করে কারাগারে পাঠানো হয় বলে জানান শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম রবিউল ইসলাম।
চাঁদাবাজির শিকার ব্যবসায়ী রুহুল আমিন শার্শা থানায় দায়ের করা মামলায় উল্লেখ করেন, ২১ জুলাই তার ছেলে মাসুদ পাভেজ রিজভী কলেজ রোড দিয়ে বাজারে যাওয়ার পথে চায়ের দোকানের সামনে অভিযুক্ত আব্দুর রহমানসহ ৮–১০ জন যুবক তার গতিরোধ করে। তারা রিজভীকে জানায়, তার বাবা বড় ব্যবসায়ী হওয়ায় তাকে তিন লাখ টাকা চাঁদা দিতে হবে। তা না হলে বাবা-ছেলেকে যেখানেই পাওয়া যাবে, সেখানেই মারধর করা হবে।
অভিযুক্তরা রিজভীকে মারধরও করে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
ঘটনার পরপরই রিজভীর বাবা বাদী হয়ে শার্শা থানায় মামলা দায়ের করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আটক আব্দুর রহমানের বিরুদ্ধে এর আগেও মাদক সেবন, চাঁদাবাজি ও ইভটিজিংসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।
শার্শা থানার ওসি কেএম রবিউল ইসলাম বলেন, “চাঁদাবাজির ঘটনায় দায়ের করা মামলার প্রেক্ষিতে আব্দুর রহমানকে আটক করা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”