প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫, ২:০৩ পিএম

ফরিদপুরের সদর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত আরও ১০ জন।
আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১০ টার দিকে উপজেলার করিমপুর এলাকার আবুল হোসেন ফিলিং স্টেশনের সামনে এ দুঘটনা ঘটে। করিমপুর হাইওয়ে পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
করিমপুর হাইওয়ে পুলিশ জানায়, চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী রয়েল এক্সপ্রেস বাস ও ফরিদপুর থেকে মাগুরাগামী লোকাল বাস রিক এন্টারপ্রাইজের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় উভয় বাসের ৮/১০ জন আহত হয়েছেন। আহত ও নিহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাদের নাম পরিচয় এখনও নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।
পুলিশ আরও জানায়, সংঘর্ষের ফলে মহাসড়কে যে যানজটের সৃষ্টি হয়েছিল তা এখন স্বাভাবিক রয়েছে।
করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী বলেন, ‘নিহতদের পরিচয় সনাক্ত করতে কাজ করছে পুলিশ। দুর্ঘটনা কবলিত বাস দুইটি উদ্ধারের প্রক্রিয়া চলছে। এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
স্বদেশ প্রতিদিন/এমএম