প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫, ১:৪৬ পিএম

বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ চেয়ে মানববন্ধন
২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করার দাবিতে গজারিয়ায় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।
আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১১টায় গজারিয়া উপজেলা পরিষদের সামনে ভবেরচর-রসুল আঞ্চলিক সড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
গজারিয়া উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের আয়োজনে মানববন্ধনে উপজেলার প্রায় ৬৫টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক অংশগ্রহণ করেন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ফজলুল হক নয়ন।
বক্তব্য রাখেন শাহজাহান সরকার, মোয়াজ্জেম হোসেন, দুলাল মিয়া প্রমুখ। সঞ্চালনায় ছিলেন কামরুজ্জামান রাসেল।
বক্তারা বলেন, সরকারি ও বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি পরীক্ষায় সুযোগসংক্রান্ত নীতিগত বৈষম্য সংবিধানবিরোধী ও অযৌক্তিক। সকল শিক্ষার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারী শিক্ষকরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলমের মাধ্যমে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।