প্রকাশ: বুধবার, ২৩ জুলাই, ২০২৫, ৩:০৪ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. নীলিমা আক্তারের বিতর্কিত কর্মকাণ্ড ও বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছেন ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা।
বুধবার (২৩ জুলাই) ঢাবি ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা। এ সময় দু’টি দাবি জানান শিক্ষার্থীরা।
তাদের দাবিগুলো হলো:-
১. ড. নীলিমা আক্তারকে অবিলম্বে ও স্থায়ীভাবে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা।
২. তার বিতর্কিত বক্তব্য ও কর্মকাণ্ডের জন্য একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা।
স্মারকলিপিতে আরও বলা হয়, ‘ড. নীলিমা আক্তার আওয়ামীপন্থী নীল দলের সাবেক সিন্ডিকেট সদস্য। তিনি গত জুলাই মাস থেকে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে আসছেন। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, তিনি প্রায়ই শ্রেণিকক্ষে শিক্ষার্থী-জনতার অভ্যুত্থানকে ‘মব’ বা উচ্ছৃঙ্খল জনতা বলে আখ্যায়িত করেন। এই ধরনের বক্তব্য শিক্ষার্থীদের মধ্যে গভীর ক্ষোভের সৃষ্টি করেছে এবং বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চেতনার পরিপন্থী।’
জানা গেছে, গতকাল মঙ্গলবার (২২ জুলাই) তিনি তার একটি সামাজিক যোগাযোগমাধ্যমের স্ট্যাটাসে গত বছরের জুলাই থেকে আজ অবধি সকল লাশের দায় ‘আন্দোলনকারীদের’ ওপর চাপিয়েছেন। শিক্ষার্থীরা জানান, এই ধরনের উসকানিমূলক মন্তব্য তাদের মনে চরম অসন্তোষের জন্ম দিয়েছে এবং এটি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক হিসেবে তার নৈতিক অবস্থানের সম্পূর্ণ পরিপন্থী।
স্বদেশ প্রতিদিন/এমএম