প্রকাশ: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫, ১১:১৮ পিএম

সংসারের হাল ধরতে নোয়াখালীর সুবর্ণচর থেকে চট্টগ্রামে পাড়ি জমিয়েছিলেন তিন রাজমিস্ত্রী। নির্মাণাধীন ভবনের নবম তলা থেকে ছিটকে পড়ে মারা যান ওই তিন শ্রমিক।
পরিবারের উপাজর্নক্ষম ব্যক্তিদের মৃত্যুর পরে অসহায় হয়ে পড়ে ওই তিন পরিবার। একই সাথে বন্ধ হয়ে যায় আয়ের পথ। এমন পরিস্থিতিতে অসহায় পরিবারগুলোর পাশে আর্থিক সহায়তা নিয়ে দাঁড়ান ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।
মঙ্গলবার (২২ জুলাই) নাছিরের পক্ষে নিহতদের পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন সুবর্ণচর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এনায়েত উল্যাহ বাবুল।
এসময় বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এনায়েত উল্যাহ বাবুল বলেন, দায়বদ্ধতার জায়গা থেকে তিনি পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন। এরমধ্যে নিহতদের একজন রাশেদের স্ত্রী মৃত্যুর একদিন পরই এক সন্তানের জন্ম দেন। নাছির উদ্দিন নাছির আর্থিক সহযোগিতার পাশাপাশি নবজাতকের দায়িত্ব নেওয়ার ঘোষণাও দিয়েছেন।
তার এ সহযোগিতায় নিহতদের পরিবার ও স্থানীয়রা এই মানবিক উদ্যোগের জন্য নাছির উদ্দিন নাছিরকে স্বাগত জানিয়েছেন। তাদের আশা, সমাজের অন্যরাও এগিয়ে আসবেন।
উল্লেখ্য, চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানাধীন রঙ্গম কনভেনশন হলের বিপরীতে একটি ভবনে গত শুক্রবার দুপুরে কাজ করার সময় নিচে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান ওই তিনজন শ্রমিক। নিহতরা হলেন, সুবর্ণচর উপজেলার চরক্লার্ক ইউনিয়নের মো. হাসান (৩৬), ফখরুল ইসলাম (৩৯) ও রাশেদ (২৭)।
স্বদেশ প্রতিদিন/এনআর