প্রকাশ: সোমবার, ২১ জুলাই, ২০২৫, ৭:১১ পিএম আপডেট: ২১.০৭.২০২৫ ৭:৩৭ PM

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন। যেখানে দেখা যায়, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাকে গ্রেপ্তার করা হচ্ছে।
এআই-নির্মিত ৪৫ সেকেন্ডের ওই ভিডিওতে ওভাল অফিসে ট্রাম্প ও ওবামাকে একসঙ্গে বসে থাকতে দেখা যায়। এরপর এফবিআই সদস্যরা এসে ওবামাকে গ্রেপ্তার করে নিয়ে যান। শেষ অংশে ওবামাকে কারাবন্দি অবস্থায় দেখা যায়।
ভিডিওতে আরও দেখা যায়, ওবামা ও ডেমোক্র্যাট নেতারা বলছেন, “কেউ আইনের ঊর্ধ্বে নয়।”
ভিডিওটি ট্রাম্প তাঁর নিজস্ব প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যালে’ শেয়ার করেন। এর সাথে জুড়ে দেওয়া হয় জনপ্রিয় গান ‘YMCA’।
এই ভিডিও পোস্ট করার প্রেক্ষাপটে রয়েছে যুক্তরাষ্ট্রের বর্তমান জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসি গ্যাবার্ডের সাম্প্রতিক অভিযোগ।
তিনি দাবি করেছেন, ২০১৬ সালের নির্বাচনের পর ওবামা ও গোয়েন্দা সংস্থাগুলো ট্রাম্প ও রাশিয়ার মধ্যে সম্পর্ক নিয়ে মিথ্যা গল্প গড়ে তুলেছিলেন, যা ছিল রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র।
ফক্স নিউজের একটি টেলিভিশন অনুষ্ঠানে গ্যাবার্ড বলেন, “সম্প্রতি প্রকাশিত শতাধিক নথি প্রমাণ করে যে প্রেসিডেন্ট ওবামার নির্দেশেই এই ষড়যন্ত্র হয়েছিল।”
তিনি আরও জানান, এসব নথি এফবিআই ও বিচার বিভাগের কাছে তদন্তের জন্য পাঠানোর পরিকল্পনা করা হচ্ছে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ