প্রকাশ: সোমবার, ২১ জুলাই, ২০২৫, ৭:১২ পিএম আপডেট: ২১.০৭.২০২৫ ৭:১৬ PM

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) আওয়ামী লীগ সম্পৃক্ততার অভিযোগের প্রেক্ষিতে মাত্র ৪ দিনের ব্যবধানে প্রক্টর পরিবর্তন করা হয়েছে। গত ১৭ জুলাই সন্ধায় উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. সোনিয়া খান সনিকে অব্যাহতি দিয়ে প্রক্টরের দায়িত্ব দেওয়া হয় গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ শাখাওয়াত হোসেনকে। কিন্তু নিয়োগের পরপরই তার আওয়ামী লীগ সংশ্লিষ্টতা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দেয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়।
জানা যায়, ড. শাখাওয়াত হোসেন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত নৌকা মার্কার প্রচারণা কমিটির ৬ নম্বর সদস্য ছিলেন। এ তথ্য সামনে আসার পর শিক্ষার্থীরা তার অপসারণের দাবি জানায়। সেই রাতেই উপাচার্য অধ্যাপক ড. তৌফিক আলম শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন এবং প্রক্টর পরিবর্তনের আশ্বাস দেন।
এর পরিপ্রেক্ষিতে, ২১ জুলাই (সোমবার) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. রাহাত হোসেন ফয়সালকে নতুন প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মুহসিন উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
উল্লেখ্য, গত বছরের জুলাইয়ে গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকার পতনের পর বরিশাল বিশ্ববিদ্যালয়ে গত ১২ মাসে এটি চতুর্থবারের মতো প্রক্টর পরিবর্তন। আওয়ামী সরকার পতনের পর ছাত্র আন্দোলনে মুখে পদত্যাগ করেন তৎকালীন প্রক্টর ড. মো. আব্দুল কাইউম।
এরপর প্রক্টর (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব দেওয়া হয় ড. রাহাত হোসেন ফয়সালকে। তিনি অব্যাহতি নিলে প্রক্টর (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পান ড. এ টি এম রফিকুল ইসলাম। গত ১৬ ফেব্রুয়ারি ড. রফিকুল পদত্যাগ করলে প্রক্টর (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পান ড. সনিয়া খান সনি। পাঁচ মাস ধরে প্রক্টর ড. সনি অনেকটা নিস্ক্রিয় থাকার পর তাকে সরিয়ে নিয়ে দেওয়া হয় ড. মোহাম্মদ শাখাওয়াত হোসেনকে।
স্বদেশ প্রতিদিন/কেআইকে