প্রকাশ: রবিবার, ২০ জুলাই, ২০২৫, ৮:০৩ পিএম

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে দীর্ঘ ৩০ থেকে ৩৫ বছর ধরে বেদখল থাকা প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রায় এক কোটি টাকার সরকারি জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।
রবিবার (২০ জুলাই) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বেলায়েত হোসেন উপস্থিত থেকে মাপজোক করে জমিটি উদ্ধার করেন।
অভিযানকালে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাসান আলী, ভেটেরিনারি সার্জন ডা. ফয়সাল রাব্বী, মোহাম্মদপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রশিদা বেগম, সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম চৌধুরী শাহীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
স্থানীয় সূত্রে জানা যায়, মোহাম্মদপুর ইউনিয়নের বিনধারা মৌজার ১৯২ নম্বর খতিয়ানের জেএএল ২৭৮ দাগভুক্ত ১ একর ১ শতক জমিটি দীর্ঘদিন ধরে স্থানীয় ইউনিয়ন পরিষদের দখলে ছিল। জমিটি লিজ দিয়ে ইউপি কর্তৃপক্ষ নিয়মিত আয় করত এবং তা পরিষদের কোষাগারে জমা হতো।
পরবর্তীতে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাসান আলী উক্ত জমির প্রকৃত মালিকানা অধিদপ্তরের বলে শনাক্ত করেন এবং তা উদ্ধারের উদ্যোগ নেন। ইউএনও রোমানা রিয়াজের নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) বেলায়েত হোসেন মাঠপর্যায়ে অভিযান চালিয়ে জমিটি উদ্ধার করেন।
সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম চৌধুরী শাহীন বলেন, ‘জমিটি প্রাণিসম্পদ অধিদপ্তরের তা আগে জানা ছিল না। তাই ধারাবাহিকভাবে ইউনিয়ন পরিষদ লিজ দিত।’
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাসান আলী বলেন, ‘দীর্ঘদিন ধরে আমাদের গুরুত্বপূর্ণ সরকারি সম্পদ বেহাত ছিল। ইউএনও ম্যাডামের নির্দেশনা ও সহকারী কমিশনার (ভূমি) সাহেবের তৎপরতায় জমিটি অবশেষে উদ্ধার করা হলো। এখন উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
উল্লেখ্য, চলতি জুলাই মাসের ৩ তারিখেও সহকারী কমিশনার বেলায়েত হোসেনের নেতৃত্বে ধরঞ্জী ইউনিয়নের নন্দইল ও ধরঞ্জী মাঠ এলাকায় বিলীন হওয়া প্রায় ৫০ বছরের পুরোনো একটি রাস্তা পুনরুদ্ধার করা হয়, যার দৈর্ঘ্য প্রায় ৩.৫ কিলোমিটার। বর্তমানে রাস্তাটি সংস্কারের কাজ প্রক্রিয়াধীন রয়েছে।
স্বদেশ প্রতিদিন/এমএম