প্রকাশ: শনিবার, ১৯ জুলাই, ২০২৫, ২:৫১ পিএম

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যৌথ অভিযানে ৫৯ লাখ ৯৫ হাজার টাকা মূল্যের বিদেশি সিগারেট ও মোবাইল ফোন জব্দ করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও কাস্টমস কর্তৃপক্ষ।
শুক্রবার (১৮ জুলাই) রাত সাড়ে ৯ টার দিকে দুবাই থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস-৩৪৪ ফ্লাইটে চট্টগ্রামে আসা তিন যাত্রীকে গ্রিন চ্যানেলে সন্দেহজনক মনে হলে তল্লাশি চালানো হয়।
বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল বলেন, ‘হাটহাজারীর মোহাম্মদ শাহ আলম ও মো. আরফান এবং মীরসরাইয়ের আশরাফুল ইসলাম নামের তিনজন যাত্রীকে তল্লাশি করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫৭০ কার্টন বিদেশি সিগারেট এবং আইফোন, গুগল পিক্সেল, স্যামসাংসহ ৩০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।’
তিনি আরও বলেন, ‘সিগারেট আমদানি নিষিদ্ধ এবং ব্যাগেজ রুলস অনুযায়ী অতিরিক্ত মোবাইল বহন করায় এসব পণ্য জব্দ করা হয়েছে। যাত্রীদের জরিমানা করে সতর্ক করা হয়েছে এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি হলে তাদের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানানো হয়েছে।’
স্বদেশ প্রতিদিন/এমএম