প্রকাশ: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ৯:১৮ পিএম

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার দুর্গম পদ্মাপাড়ে অসংক্রামক রোগ প্রতিরোধে চালু হলো বিশেষ স্বাস্থ্যসেবা প্রকল্প ‘এনসিডি প্যাকেজ’।
শুক্রবার (১৮ জুলাই) বেলা ১১টায় উপজেলার ধুলশুড়া ইউনিয়নে প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
ডেবোনেয়ার গ্রুপের উদ্যোগে চালু হওয়া এ দুই বছরব্যাপী প্রকল্পের আওতায় সহস্রাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পাবেন।
উদ্বোধনী দিনে আয়োজিত চিকিৎসা ক্যাম্পে বিভিন্ন বয়সের শত শত মানুষ ভিড় করেন। অনেকে চোখে পানি নিয়ে বলেন, “বহুদিন পর এমন সেবা পেলাম, যেন আলোর মুখ দেখছি।”
প্রকল্পটির আওতায় মূলত হৃদরোগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ক্যানসার ও শ্বাসকষ্টের মতো দীর্ঘমেয়াদি অসংক্রামক রোগে আক্রান্ত মানুষদের চিকিৎসা সেবা ও সচেতনতামূলক পরামর্শ দেওয়া হচ্ছে।
ডেবোনেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. আইয়ুব খান বলেন, “পদ্মাপাড়ের অবহেলিত মানুষের কষ্ট আমাদের হৃদয় ছুঁয়ে গেছে। তাই আমরা তাদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া আমাদের সামাজিক দায়বদ্ধতা।”
তিনি আরও বলেন, “এনসিডি প্রকল্প শুধু চিকিৎসা নয়, এটি একটি সচেতনতা আন্দোলন। আমরা চাই, দেশের অন্যান্য প্রত্যন্ত এলাকাগুলোতেও এই ধরনের উদ্যোগ ছড়িয়ে পড়ুক।”
স্বদেশ প্রতিদিন/ আরএফ