প্রকাশ: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ৭:০৪ পিএম

সংগৃহীত ছবি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অন্তর্বর্তী সরকারকে পক্ষপাতমূলক আচরণ বন্ধের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, “আজকে এই সরকারকে (অন্তর্বর্তী সরকার) বলতে চাই, দয়া করে একটু পক্ষপাতমূলক আচরণটা বন্ধ করেন। দেশের একটি দলকে আপনি কোলে রেখেছেন আরেকটি দলকে রেখেছেন কাঁখে (পাশে)।’’
আজ শুক্রবার (১৮ জুলাই) বিকেল ৪টার পর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন মির্জা আব্বাস। এছাড়াও শহীদরা কোন একক ব্যক্তি, রাজনৈতিক দলকে সমর্থন দেয়নি বলে মন্তব্য করেন তিনি।
অন্তর্বর্তী সরকারকে দ্রুত জাতীয় নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়ে মির্জা আব্বাস বলেন, ‘‘আপনারা খুব তাড়াতাড়ি একটি নির্বাচন দেন। দিলে কিন্তু যেটা হবে দেশে যে আজকের অশান্ত পরিস্থিতি, এই অশান্ত পরিস্থিতি ঠান্ডা হয়ে যাবে। আর না দিলে আমরা ভাববো দেশকে অশান্ত করার প্রক্রিয়া আপনারাই করছেন।”
জুলাই গণঅভুত্থানে বিএনপি এবং ছাত্রদলের প্রায় ৪২২ জন শহীদ হয়েছেন উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘‘পরিষ্কার দেখা যাচ্ছে ওই ঘটনাগুলোকে নিয়ে বিশেষ কয়েকটি দল রাজনীতি করছে এবং তাদের বিক্রি করে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা পাওয়ার চেষ্টা করছে।”
বিএনপিকে অনেকে আওয়ামী লীগের কাতারে ছেড়ে দেওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ করে সমালোচকদের জিহ্বায় লাগাম দেওয়ার আহ্বান জানান মির্জা আব্বাস। বিভিন্ন রাজনৈতিক দলের প্রতি ইংগিত করে তিনি বলেন, “বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়নি। দলটি ১৭ বছর রাজপথে আন্দোলন করেছে দেশের মানুষের গণতন্ত্রের জন্য। ভোটের অধিকারের জন্যে। আর আজকে বিএনপিকে নিশ্চিহ্ন করে দিয়ে আপনারা ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছেন। আপনারা ভাবছেন বিএনপি যদি না থাকে তাহলে আপনাদের ক্ষমতায় যাওয়া হয়ে গেল। আরে ভাই বিএনপির একটা নেতাও জীবিত থাকতে কখনোই আপনাদের এই খায়েস পূরণ হবে না।”
বিএনপি ঐক্যবদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায় উল্লেখ করে মির্জা আব্বাস
বলেন, “শাহাদাতবরণকারী ভাইরা সবসময় একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ চেয়েছিল। আমরাও
একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই। যে ঐক্যবদ্ধ বাংলাদেশের মাধ্যমে বিদেশী
প্রত্যাবর্তনকে রুখে দেওয়া যাবে। এই দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে রক্ষ
করা যাবে। এই দেশে মানুষের গণতান্ত্রিক অধিকার অর্জন করা যাবে।”
বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ শাখার আহ্বায়ক রফিকুল আলম মজনুর সভাপতিত্বে এবং সদস্যসচিব তানভীর আহমেদ রবিনের সঞ্চালনায় মহানগর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা দোয়া ও মৌন মিছিলে অংশ নেন।
এ দিন জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে দোয়া ও মৌন মিছিলের এই
অনুষ্ঠানের আয়োজন করে বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ শাখা। মৌন মিছিলটি
নয়াপল্টন থেকে কাকরাইল, শান্তিনগর, মালিবাগ, মৌচাক হয়ে আবুল হোটেলের সামনে
গিয়ে শেষ হয়।