প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ৮:৫০ পিএম

সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছাত্রদল কর্মী মারা যায়
পিরোজপুরের মঠবাড়িয়ায় পূর্ব শত্রুতার জেরে ২ জনকে কুপিয়ে জখম করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মুবিন (২৩) নামের এক ছাত্রদল কর্মী মারা যায়। একই হামলায় আহত তামিম (২৩) গুরুতর জখমপ্রাপ্ত হয়ে ওই হাসপাতালেই চিকিৎসাধীন আছে।
নিহত ছাত্রদল কর্মী মুবিন মঠবাড়িয়া পৌর ৭ নং ওয়ার্ডের বাসিন্দা ও মঠবাড়িয়া বাজার বণিক সমিতির সভাপতি ড. ইদ্রিস আলী মহারাজের পুত্র এবং মঠবাড়িয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শামীম মিয়া মৃধার ভাগিনা। আহত অপর যুবক তামিম মঠবাড়িয়া পৌর ৮ নং ওয়ার্ডের বাসিন্দা হুমায়ুন কবিরের পুত্র।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার সন্ধ্যায় মঠবাড়িয়া পৌর ৬নং ওয়ার্ডের নিউ মার্কেট এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে, পৌর ৯নং ওয়ার্ড বকসির ঘটিচোরা এলাকার বাসিন্দা খোকন মোক্তারের পুত্র মো. রফিকুল ইসলাম রনির (৩০) নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটে। এর আগেও দুই পক্ষের মধ্যে ঝামেলা হয়েছিল। হামলায় মুবিনের মাথায় ও তামিমের পেটে গুরুতর ক্ষত হয় বলে জানা যায়।
হামলার পর আহত মুবিন ও তার বন্ধু তামিমকে প্রথমে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই প্রাথমিক চিকিৎসা পূর্বক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে আজ দুপুর দেড়টায় মুবিন মৃত্যুবরণ করেন। একই হাসপাতালে চিকিৎসারত তামিমের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
জানা যায়, ঘটনার পর থেকে মঠবাড়িয়া পৌর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষায় পৌর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, “হামলাকারীদের চিহ্নিত করা হয়েছে। গ্রেপ্তারে অভিযান চলছে।”