প্রকাশ: বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ১০:২৬ AM

সংগৃহীত ছবি
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মাসব্যাপী কেন্দ্রীয় কর্মসূচি ‘জুলাই পদযাত্রা’কে কেন্দ্র করে পুলিশের গাড়িতে আগুন দিয়েছে এবং ভাঙচুর চালিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার (১৬ জুলাই) গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান জানান, আজ শহরের পৌর পার্কে এনসিপির কেন্দ্রীয় ‘জুলাই পদযাত্রা’ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এতে কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহণের কথা ছিল। সেই পদযাত্রা বানচাল করতে ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালের নেতৃত্বে একটি গ্রুপ পুলিশের গাড়িতে আগুন লাগায় এবং ভাঙচুর চালায়।
তিনি আরও জানান, ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনি ব্যবস্থা নিতে তদন্ত শুরু হয়েছে।
এদিকে, এনসিপির নেতারা এই হামলার নিন্দা জানিয়ে বলেন, এটি একটি পূর্বপরিকল্পিত সন্ত্রাসী হামলা, যার মাধ্যমে সরকারের অঙ্গসংগঠন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অপমান করে গণতান্ত্রিক কর্মসূচি রুখে দিতে চেয়েছে।
জুলাই পদযাত্রা কেন্দ্র করে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
স্বদেশ প্রতিদিন/এনআর