প্রকাশ: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ৩:৫৮ পিএম

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এ গত কয়েক বছরে বিধিবহির্ভূত নিয়োগ এবং বিভিন্ন মাধ্যমে উত্থাপিত অভিযোগের প্রেক্ষিতে তদন্তে নেমেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এই অভিযোগসমূহ যাচাই-বাছাই করে প্রতিবেদন দাখিলের জন্য তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে ইউজিসি।
গতকাল সোমবার (১৪ জুলাই) ইউজিসির অতিরিক্ত পরিচালক ড. মোঃ মাহবুব আহমেদ স্বাক্ষরিত নির্দেশক্রমে এই আদেশ জারি করা হয়। গত কয়েক মাস আগে কুয়েটে নিয়ম বহির্ভূত নিয়োগ-বাণিজ্য নিয়ে বেশ কয়েকটি গণমাধ্যমে অভিযোগ আসে, এর পরিপ্রেক্ষিতে এই তদন্ত কমিটি গঠন করা হয়।
গঠিত তদন্ত কমিটির সদস্যরা হলেন:
১. অধ্যাপক ড. মো. সাইফুর রহমান, সদস্য (প্রশাসন বিভাগ, দায়িত্বপ্রাপ্ত), ইউজিসি – আহ্বায়ক
২. ড. মোঃ মখলেছুর রহমান, সচিব, ইউজিসি – সদস্য
৩. নুরুল্লাহ হোসেন নোমান, উপ-সচিব (বিশ্ববিদ্যালয় শাখা-২, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ), শিক্ষা মন্ত্রণালয় – সদস্য সচিব
কমিটির কার্যক্রমে প্রশাসনিক সহায়তা দিতে ম্যানেজমেন্ট বিভাগের সহকারী পরিচালক মো. সেহজাদ রিয়াজ-কে দায়িত্ব দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ১৮ ই ফেব্রুয়ারিতে শিক্ষার্থীদের সাথে স্হানীয় ছাত্রদল-যুবদলের নেতা-কর্মীদের এক সংঘর্ষে পর থেকে প্রায় ৫ মাস কুয়েট ক্যাম্পাস বন্ধ রয়েছে। শিক্ষা মন্ত্রনালয় থেকে ক্লাস শুরুর ব্যাপারে নির্দেশ দেওয়া হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ক্লাস শুরু ব্যাপারে সেরকম কোন পদক্ষেপ দেখা যায়নি।
স্বদেশ প্রতিদিন/কেআইকে