
শিক্ষার্থীদের সাথে সংঘর্ষে জড়ায় ছাত্রলীগের নেতাকর্মীরা
১৫ জুলাইয়ের রাতকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কালোরাত্রি হিসেবে ঘোষনা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার (১৭ মার্চ) সিন্ডিকেট সভায় নেওয়া হয় এ সিন্ধান্ত। ২০২৪ সালের জুলাই আন্দোলনে এইরাতে ছাত্রলীগের হামলার ও পুলিশের গুলিতে আহত হন কোটা সংস্কার আন্দোলনে যুক্ত অসংখ্য শিক্ষার্থী, সাংবাদিক ও শিক্ষক। সেই রাতের পর থেকেই আন্দোলনে যোগ হয় নতুন মাত্রা।
প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা যায় কি ঘটেছিল সেদিন রাতে, এ রাতকে কেন ভয়াল কালো রাত আখ্যা দেওয়া হয়েছে এবং নিজের প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে সেই রাতের বর্ণনা করেছেন স্বদেশ প্রতিদিন পত্রিকার ক্যাম্পাস প্রতিনিধি মো. মিজানুর রহমান।
প্রেক্ষাপটঃ
১৪ই জুলাইঃ
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর বক্তব্যকে (মুক্তিযুদ্ধার নাতি পুতিরা চাকরি পাবে না তাহলে কি রাজাকারের সন্তানেরা সন্তানেরা চাকরি পাবে?) কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠে সারাদেশের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলো। সেই উত্তাপের ছোয়া লাগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও। প্রধানমন্ত্রীর কথায় ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা হলে হলে স্লোগান দিতে থাকে ‘তুমি কে? আমি কে? রাজাকার রাজাকার’। এদিন রাতেই বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর হলে দু’জন আন্দোলনকারীকে অবরুদ্ধ করে রাখে ছাত্রলীগের নেতাকর্মীরা। এরপর থেকেই বিশ্ববিদ্যালয়ে মুখোমুখি অবস্থানে চলে যায় আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগ।
১৫ জুলাই সারাদিনঃ
পূর্ব ঘোষণা অনুযায়ী সন্ধ্যা সাড়ে ৭ টায় আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ডাক দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জাবি শাখার সমন্বয়কেরা। পাশাপাশি এদিন বিকাল ৩ টায় ক্যাম্পাসে শোডাউন দেয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা এবং সন্ধ্যা সাড়ে সাতটায় মিছিলের ঘোষণা দেয়। ফলে সংঘাত এড়াতে কর্মসূচি একঘণ্টা এগিয়ে নিয়ে আসে সমন্বয়কেরা। সাড়ে ৭টার পরিবর্তে সাড়ে ৬টায় বিক্ষোভ মিছিল ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
সন্ধ্যা সাড়ে ৬টাঃবিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরীর সামনে থেকে মিছিল শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে তৎকালীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে আসলে ৭ টা দশ মিনিটে আন্দোলনরত শিক্ষার্থীদের মিছিলের উপর অতর্কিত হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। প্রথম দফায় সংঘর্ষে প্রায় অর্ধশত আন্দোলনরত শিক্ষার্থী আহত হন। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মী সুদীপ্ত শাহীন ঘঠনাস্থলে উপস্থিত থাকলেও তিনি নিরব দর্শকের ভূমিকা পালন করেন।
পরবর্তীতে জানা যায়, কয়েকজনসহ নিরাপত্তা কর্মীরা এ হামলার পরিকল্পনার অংশ ছিলো। আন্দোলনকারীরা পিছিয়ে গিয়ে সংঘটিত হয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়া করলে তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ভেতরে প্রবেশ করে। পরবর্তীতে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের সাথে সংঘর্ষে জড়ায় ছাত্রলীগের নেতাকর্মীরা।
রাত ৯টাঃ আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার বিচারের দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা। প্রায় দেড়ঘণ্টা পর শিক্ষার্থীদের সাথে কথা বলতে আসেন উপাচার্য অধ্যাপক নুরুল আলম।
এসময়ে শিক্ষার্থীরা তাদের হলে ফেরার জন্য নিরাপত্তার এবং তাদের উপর হওয়া হামলার বিচার দাবি করেন। এসময় উপাচার্য বাসভবনে প্রবেশ করেন এবং হল প্রভোস্টদের সাথে আলোচনা শেষে ২০ মিনিট পরে তাদের সাথে কথা বলার আশ্বাস দেন।
এদিকে রাত পৌনে ১১টা নাগাদ এক ভিডিওতে দেখা যায় পিক আপ ভ্যান ভর্তি করে বহিরাগত কিছু লোক ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিশ্ববিদ্যালয়ের গেরুয়া বাজারের গেট ও ইসলামনগর বাজারের গেট দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করছে। এসময় ছাত্রলীগের ঘনিষ্ঠ কিছু সূত্র জানায় তাদের শক্তি বৃদ্ধি করতে সাভার ও আশুলিয়া থানা ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা তাদের সাথে যুক্ত হয়ছে। এদিকে বহিরাগত প্রবেশের ভিডিওসহ তথ্য প্রক্টরের কাছে দেওয়া হলে তিনি এটাকে গুজব বলে উড়িয়ে দেন।
রাত ১২টাঃ
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সাংবাদিকদের কাছে খবর আসে দেশীয় অস্ত্র, রড, লাঠি, হকি স্টিক ও কাচের বোতল নিয়ে আন্দোলনকারীদের উপর হামলার উদ্দেশ্যে বঙ্গবন্ধু হল থেকে রওনা করেছে ছাত্রলীগ ও তাদের সাহায্য করতে আসা বহিরাগতরা। এরপর এসব তথ্য প্রক্টরকে জানানো হয় এবং তাদের বাধা দেওয়ার জন্য ট্রান্সপোর্ট চত্বরে যাওয়ার জন্য অনুরোধ করে আন্দোলনকারীরা। তবে অনুরোধ সত্ত্বেও কোন ব্যবস্থা নেননি প্রক্টর আলমগীর কবির।
এদিকে ছাত্রলীগ হামলা করতে আসছে এমন খবরে আতঙ্কিত হয়ে পড়ে আন্দোলনরত শিক্ষার্থীরা। এসময় তারা নিরাপত্তার জন্য উপাচার্যের বাসভবনের প্রধান ফটকের তালা ভেঙে বাসভবনের ভেতরে প্রবেশ করে উপাচার্যের বাসার দরজার সামনে অবস্থান নেয়। এসময় উপাচার্যের বাসভবনের বাইরে অবস্থান করা শিক্ষকদের কাছে তাদের নিরাপত্তার জন্য পুলিশ আনার অনুরোধ করে। তবে এসময় পুলিশ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান করলেও ভেতর আসতে চাচ্ছে না এমনটি শিক্ষকদের জানান উপাচার্য।
এরমধ্যে ছাত্রলীগের নেতাকর্মীরা উপাচার্যের বাসভবনের বাইরে অবস্থান নেয় এবং ভেতরে অবস্থানরত আন্দোলনকারীদের লক্ষ্য করে ইট, কাঁচের বোতল, পেট্রোল বোমা ছুড়তে থাকে। এসময় শাখা ছাত্রলীগের সভাপতি আখতারুজ্জামান সোহেলকে হামলার নেতৃত্ব দিতে দেখা যায়। হামলা চলাকালীন উপাচার্যের বাসভবনের মধ্যে অবস্থানরত শিক্ষার্থীরা চিৎকার করতে থাকে এবং তাদের বাঁচানোর জন্য উপাচার্যের দরজার নক করতে থাকে। তবে এসময় উপাচার্য কোন ধরনের সাড়া দেননি। এমনকি প্রক্টরকে হামলা আটকানোর জন্য কোন ধরনের ব্যবস্থা নিতে দেখা যায়নি। প্রথম দফা হামলা শেষে, পুলিশ এসে উপস্থিত হয়। তবে পুলিশ আসলেও তাদেরকে হামলাকারীরা উপর কোন ধরনের ব্যবস্থা নিতে দেখা যায়নি।
এরপর পুলিশের উপস্থিতিতে শুরু হয় নৃশংস হামলা। প্রধান ফটক টপকে ভেতরে প্রবেশ করে ছাত্রলীগের নেতাকর্মীরা উপাচার্যের বাসভবনের দরজার সামনে অবস্থানরত শিক্ষার্থীদের উপর ইট ও কাঁচের বোতল নিক্ষেপ করতে থাকে এবং লাঠি দিয়ে শিক্ষার্থীদের উপর আঘাত করে। এসময় আহত হয় শতাধিক শিক্ষার্থী। তখন পুলিশ নিরব দর্শকের ভূমিকা পালন করে।
এসময় আন্দোলনকারীদের সাথে উপস্থিত শিক্ষকেরাও হামলার শিকার হন। প্রাণ বাঁচাতে তারা উপাচার্যের বাসভবনের দ্বিতীয় তলায় স্টোর রুমে আশ্রয় নেন। তবে স্টোর রুমের দরজা ভেঙে সেখানে প্রবেশ করে হামলাকারীরা। তারা অশ্লীল ভাষায় গালি দিতে থাকে। তখন তারা সেইরুমে অবস্থানরত সবাই শিক্ষক কিনা সেই পরিচয় জানার চেষ্টা করে।
প্রাণ বাঁচাতে আন্দোলনরত শিক্ষার্থীরা হলে অবস্থানরত শিক্ষার্থীদের কাছে সাহায্য চায় এবং ফেসবুক লাইভের মাধ্যমে তাদের উপর আক্রমণের চিত্র দেখাতে থাকে। এসময় তাদের উপর হামলা ও শোচনীয় অবস্থা দেখে হলে হলে সংগঠিত হয়ে বাশ ও লাঠি নিয়ে উপাচার্যের বাসভবনের দিকে আসতে থাকে প্রায় এক হাজার শিক্ষার্থী। শিক্ষার্থীদের আসতে দেখে ভয়ে পালিয়ে যায় ছাত্রলীগের নেতাকর্মীরা।
এরপর সাধারণ শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের মধ্যে প্রবেশ করে অবরুদ্ধ শিক্ষার্থীদের মুক্ত গেলে পুলিশ এলোপাতাড়ি গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে। এসময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে রাখা গাড়ি ও জানালার কাঁচ ভাঙচুর করে। এসময় পুলিশের গুলিতে আহত হন ইতিহাস বিভাগের অধ্যাপক খো. লুৎফুল এলাহি।
পুলিশের এই কর্মকাণ্ড সাংবাদিকরা ভিডিও করতে গেলে তাদের লক্ষ্য করে গুলি করে পুলিশ। পুলিশকে বারবার সাংবাদিক পরিচয় দিয়ে কার্ড দেখালেও গুলি করে পুলিশ। এসময় গুলিবিদ্ধ হন পাঁচজন সাংবাদিক। এরমধ্যে বনিকবার্তার প্রতিনিধি মেহেদী মামুন ও দৈনিক বাংলার প্রতিনিধি আবদুর রহমান খান সার্জিল গুরুতর আহত হন।
এদিকে উপাচার্যের বাসভবন থেকে বের হয়ে আসার পর শিক্ষার্থীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া চলতে থাকে। পুলিশের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষ ভোরের আলো প্রকাশ হওয়ার পূর্ব পর্যন্ত চলতে থাকে। এ রাতে মোট দুইশ’ শিক্ষার্থীসহ সাতজন সাংবাদিক ও একজন শিক্ষক আহত হন।
সেই রাতের অভিজ্ঞতা জানতে চাইলে উপাচার্যের বাসভবনের মধ্যে আটকা পড়া ইংরেজি বিভাগের ৫১ তম ব্যাচের শিক্ষার্থী আতিক বলেন, “আমি ভেবে নিয়েছিলাম নিশ্চিত মারা যাবো। হামলার পরিস্থিতি আর পুলিশের নিরর্থক দাঁড়িয়ে থাকা দেখে এমন ভাবনা আসাই ছিল স্বাভাবিক। ওখানে থাকা আমরা প্রায় একশ’জন যখন ভয়ে জড়োসড়ো হচ্ছিলাম, একত্র হয়েছিলাম তখন মনে হয়েছিল শ্বাসরোধেই মারা যাবো।”
আতিক আরো বলেন, “একবার পাশের জনের দিকে তাকিয়ে দেখলাম মাথা ফেঁটে রক্ত পড়ছে। আমি কোনো আশা খুঁজে পাইনি আর। এখনো সেই ভয়াল স্মৃতি তাড়া করে বেড়ায়। সেই মানসিক ট্রমা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে বেশকিছুদিন সময় লেগে গিয়েছিলো আমার। ভয়ংকর এই রাতের কথা সারাজীবন মনে গেঁথে থাকবে। আমি চাইনা এমন পরিস্থিতিতে আর কেউ পড়ুক। এরকম কালো রাত কোনোদিন না আসুক জাহাঙ্গীরনগরে।”
এদিকে উপাচার্যের বাসভবনের মধ্যে শিক্ষার্থীদের উপর হামলার পর থেকেই বেগবান হতে থাকে আন্দোলন। পরের দিনের বিক্ষোভ মিছিলে অংশ নেয় প্রায় দশ হাজার শিক্ষার্থী।
আন্দোলন বেগবান হয়ার কারণ জানতে চাইলে একাধিক আন্দোলনকারী শিক্ষার্থী জানান তারা কোন ভাবেই মেনে নিতে পারে নাই ক্যাম্পাসের অভ্যন্তরে বহিরাগত লোক ভাড়া করে এনে শিক্ষার্থীদের মারা হবে। তাই তারা স্বতঃস্ফূর্ত ভাবে আন্দোলন যোগ দিয়েছেন।