প্রকাশ: রবিবার, ১৩ জুলাই, ২০২৫, ৫:০৩ পিএম

দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনগুলো।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কেন্দ্রীয় ফুটবল মাঠে অর্থনীতি বিভাগের আন্তঃসেশন ফুটবল ম্যাচ চলাকালে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় সংবাদ সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদের ওপর হামলা হয়েছে। এই হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠন। একইসাথে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানিয়েছে তারা।
আজ রবিবার (১৩ জুলাই) এ ঘটনার প্রতিবাদে পৃথক বিবৃতি দেয় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, শাখা ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবির।
এরআগে, গত শুক্রবার বিকেলে সিনিয়র ও জুনিয়র শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির এক পর্যায়ে সাংবাদিক আরিফ বিল্লাহর মোবাইল কেড়ে নেওয়া হয় এবং সাংবাদিক নূর-ই আলম, রবিউল আলমসহ কয়েকজন সংবাদকর্মীকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। এ সময় আশপাশে থাকা আরও কয়েকজন শিক্ষার্থী আহত হন। হামলাকারীরা একটি পক্ষকে আড়াল করতে উদ্দেশ্যমূলকভাবে এক নারী শিক্ষার্থীকে ‘ভিকটিম’ হিসেবে উপস্থাপন করে বিভ্রান্তিকর প্রচার চালায়।
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি মাহমুদুল হাসান ও সাধারণ সম্পাদক নূর আলম এক বিবৃতিতে বলেন, “সাংবাদিকদের ওপর এ হামলা মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক পরিবেশের ওপর সরাসরি হুমকি। দ্রুত দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তির আওতায় আনতে হবে।”
ছাত্রদলের পক্ষ থেকে দেওয়া রাফিজ আহমেদ স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, “শিক্ষার্থীদের অধিকার আদায়ের লড়াইয়ে সাংবাদিকরা সবসময় পাশে থেকেছেন। অথচ পেশাগত দায়িত্ব পালনের সময় তাদেরই লাঞ্ছিত হতে হলো, যা অত্যন্ত দুঃখজনক।”
ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান ও সেক্রেটারি ইউসুফ আলী এক বিবৃতিতে বলেন, “সাংবাদিকদের ওপর হামলা কেবল একটি পেশার ওপর আঘাত নয়, এটি স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আক্রমণ। শিক্ষাঙ্গনে এ ধরনের বর্বরতা কখনোই কাম্য নয়।”
সংগঠনগুলো দ্রুত তদন্ত করে দোষীদের শাস্তি ও ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ