প্রকাশ: রবিবার, ১৩ জুলাই, ২০২৫, ১১:০৯ AM

বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (বাকসু) নির্বাচনের দাবি জানিয়েছে ইসলামি ছাত্র আন্দোলন বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা। শনিবার ( ১২ জুলাই) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএসসি) জাতীয় নির্বাচন ও দেশের চলমান পরিস্থিতি নিয়ে শিক্ষার্থীদের ভাবনা, মতামত ও পরবর্তী করণীয় শীর্ষক আলোচনা সভায় ছাত্রসংসদ নির্বাচনের এ দাবি জানানো হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল শেখ মাহবুবুর রহমান মাহিয়ান। তিনি বলেন, ‘শিক্ষার্থীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশ অব্যাহত রাখার স্বার্থে বরিশাল বিশ্ববিদ্যালয়ে অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন প্রয়োজন। ছাত্র আন্দোলন সবসময় শিক্ষার্থীদের যৌক্তিক দাবি আদায়ে সোচ্চার এবং দায়িত্বশীল ভূমিকা পালন করবে।’ এছাড়া দেশে ঘটমান সন্ত্রাসমূলক কর্মকান্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এসময় জাতীয় রাজনীতির রূপরেখা নিয়েও তিনি শিক্ষার্থীদের সাথে আলোচনা করেন।
এসময় তিনি দ্রুত বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (বাকসু) নির্বাচনের আয়োজনের জন্য সকল শিক্ষার্থীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানায়।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিবুল হোসেন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মাদ মাসুম বিল্লাহ এর সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় শুরা সদস্য তানভীর আহমেদ শোভন, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি আবু সালেহ মুহাম্মাদ হাসিবুল্লাহ, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খান, প্রশিক্ষণ সম্পাদক এনামুল হক সহ আমেলা, হল, অনুষদ ও বিভাগের নেতৃবৃন্দ।
স্বদেশ প্রতিদিন/কেআইকে