
জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ক্ষমতার ভাগ-বাটোয়ারা ছাড়া দেশ সংস্কারের কোনো বিষয়ে তাদের সমর্থন পাওয়া যায়নি।
ক্ষমতার ভাগ-বাটোয়ারা ছাড়া দেশ সংস্কারের কোনো বিষয়ে তাদের সমর্থন পাওয়া যায়নি উল্লেখ করে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “আমরা দেশের সংস্কার চেয়েছি, বিচার চেয়েছি, নতুন সংবিধান চেয়েছি। কিন্তু এইসকল জনদাবির বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে একটি পক্ষ। তারা পুরাতন বন্দোবস্ত টিকিয়ে রাখতে চায়। তারা পুরাতন রাজনীতি টিকিয়ে রাখতে চায়। তারা চাঁদাবাজ ও সন্ত্রাসকে টিকিয়ে রাখতে চায়।”
আজ শনিবার (১২ জুলাই) দুপুরে সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়স্থ আসিফ চত্বরে এক পথসভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, “গণঅভ্যুত্থানের পরে, এতো মানুষের জীবন যাওয়ার পরে তারা যদি মনে করে তারা পুরাতন রাজনীতি করবে তাহলে এতো সহজ হবে না। গণঅভ্যুত্থানের শক্তি এখনো মাঠে আছে।”
তিনি আরো বলেন, “তারা ভেবেছিল দুই-তিনটি আসন দেখিয়ে, ক্ষমতার ভাগ-বাটোয়ারার লোভ দেখিয়ে তারা গণঅভ্যুত্থানের শক্তিকে ছিনিয়ে নেবে। কিন্তু যারা বিপ্লবের শক্তি, যারা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে, তাদেরকে কেনার সাধ্য বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের হয়নি।”
নাহিদ ইসলাম বলেন, “৫ই আগস্ট আমরা বলেছিলাম আসুন জাতীয় সরকার গঠন করি। দেশটাকে পুনর্গঠন করি। সকল বিভাজন দূর করে বাংলাদেশকে নতুন করে গড়ে তুলি। তারা আমাদের সেই প্রস্তাবে সায় দেইনি। তারা বলেছিল, ‘তিন মাসের মধ্যে নির্বাচন দিতে হবে। আবার বলেছে ছয় মাসের মধ্যে নির্বাচন দিতে হবে।’ ক্ষমতার ভাগ-বাটোয়ারা ছাড়া দেশ সংস্কারের কোনো বিষয়ে তাদের সমর্থন পাওয়া যায়নি। আমরা বলেছিলাম আমরা দেশের ভিতরে শত্রু তৈরি করতে চাই না। আমরা দেশ পুনর্গঠন করতে চাই।”
জুলাই আন্দোলনের অন্যতম প্রধান এই নায়ক বলেন, “সাতক্ষীরাবাসী এখনো রেল সুবিধা পায়নি। আপনারা শিক্ষা ব্যবস্থার উন্নতি চান, স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি চান, আমাদের জলবায়ু আমাদের রক্ষা করতে হবে। আমাদের সুন্দরবন আমাদের রক্ষা করতে হবে। আপনারা জাতীয় নাগরিক পার্টির সাথে থাকবেন। চাঁদাবাজদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। যেই দেশের ছাত্র জনতা ১৬ বছরের ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনাকে দিল্লি পাঠাতে পেরেছে, সেই দেশের ছাত্রজনতা চাঁদাবাজদের ভয় পেতে পারে না। আপনারা ঐক্যবদ্ধ হন, নতুন করে প্রস্তুতি নিন। বাংলাদেশ রাষ্ট্রকে আমাদের ইনসাফের ভিত্তিতে গড়ে তুলতে হবে।”
নাহিদ ইসলাম আরো বলেন, “আপনারা দলে দলে ঢাকায় আসুন। আগামী ৩ আগস্ট আমরা শহীদ মিনারে আসছি, আপনাদের সাথে দেখা হবে। আপনারা দলে দলে ঢাকায় আসুন। চাঁদাবাজ-সন্ত্রাসের বিরুদ্ধে আমরা নতুন করে ইশতেহার দেব এবং জুলাই ঘোষণাপত্র আদায় করবো।”
পথসভায় আরো উপস্থিত ছিলেন, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক মেজবাহ কামাল প্রমুখ।