প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ১১:০৬ AM

১০ থেকে ১৯ নভেম্বরের মধ্যে দেশের বিভিন্ন স্থানে গ্রামীণ ব্যাংকের ৭২টি শাখায় অগ্নিসংযোগ বা অগ্নিসংযোগের চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, কয়েকটি শাখায় আসবাবপত্র, কম্পিউটার, গুরুত্বপূর্ণ নথিপত্র ও সিসিটিভি সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথাও শাখা কার্যালয়ের প্রায় সবকিছু পুড়ে গেছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষের ভাষ্য, কোনো শাখায় অগ্নিসংযোগের ঘটনা ঘটলে শুধু কার্যালয় নয়, এর সঙ্গে যুক্ত সদস্যদের সঞ্চয়, ঋণ, ব্যবসা ও কৃষিকাজও ক্ষতিগ্রস্ত হয়। ২০২৬ সালের অক্টোবরের তথ্য অনুযায়ী, দেশের ৮১ হাজার ৬৭৮টি গ্রামে ২ হাজার ৫২৮টি শাখার মাধ্যমে ব্যাংকটির সদস্যসংখ্যা ১ কোটি ৬ লাখের বেশি। ১৯৮৩ সালে অধ্যাদেশের মাধ্যমে প্রতিষ্ঠিত ব্যাংকটির ৯০ শতাংশ মালিকানা ঋণগ্রহীতা সদস্যদের এবং বাকি ১০ শতাংশ সরকারের বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বলেছে, ধর্ম, বর্ণ, গোত্র ও রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে থেকে দরিদ্র মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডে সহায়তা করাই গ্রামীণ ব্যাংকের লক্ষ্য। শাখাগুলো সুরক্ষায় দেশের সর্বস্তরের মানুষের সহযোগিতা চেয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যাংকের পাশে দাঁড়ানো মানে গ্রামীণ মানুষের জীবিকা ও স্বাবলম্বী হওয়ার প্রচেষ্টাকে সুরক্ষা দেওয়া।
স্বদেশ প্রতিদিন/এস পি