প্রকাশ: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫, ৩:০১ পিএম

প্রতীকী ছবি
যশোরের বাঘারপাড়া উপজেলার ঘোষনগর গ্রামে স্টিলের বাক্সের ভেতর থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল বুধবার (৯ জুলাই) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তার স্বামী তপন দেবনাথকে আটক করেছে পুলিশ। সুচিত্রা দেবনাথ (৫৮) বাঘারপাড়া উপজেলার বাসুয়াড়ী ইউনিয়নের ঘোষনগর গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওইদিন সকাল ৬টার দিকে সুচিত্রাকে শেষবারের মতো জীবিত দেখা যায়। এরপর সকাল সাড়ে ৬টায় তার স্বামী তপন দেবনাথ শহরের উদ্দেশে রওনা হন। দুপুর ১২টার দিকে তিনি বাড়ি ফিরে স্ত্রীকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে নিজ ঘরের স্টিলের কাপড় রাখার বাক্স খুললে তিনি লেপ ও কাপড়ের নিচে স্ত্রীর নিথর দেহ দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।
উল্লেখ্য, পুলিশ ধারণা করছে, তাকে হত্যা করে তারই ঘরের কাপড় রাখার বাক্সে লুকিয়ে রাখা হয়।
বাঘারপাড়া থানার ওসি তাইজুর রহমান বলেন, “সুচিত্রা দেবনাথকে ধারালো অস্ত্র দিয়ে মাথা ও মুখে আঘাত করে হত্যা করা হয়েছে। হত্যার পর মরদেহ লুকাতে সেটি বাক্সে রাখা হয়। প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, পারিবারিক কলহ থেকেই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।”
তিনি আরো বলেন, “মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আটক তপন দেবনাথকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”
স্বদেশ প্রতিদিন/ এমএএম