প্রকাশ: বুধবার, ৯ জুলাই, ২০২৫, ৩:৫৭ পিএম

কুড়িগ্রামের রাজারহাটে তিস্তা নদীতে নিখোঁজ শিশু নাজিমের (৫) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিখোঁজের একদিন পর তার মরদেহ উদ্ধার করা হয়।
বুধবার (৯ জুলাই) সকালে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। নিহত শিশু নাজিম উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের ডাংরারহাট বাজার এলাকার রফিকুল ইসলামের তৃতীয় ছেলে। এর আগে গত মঙ্গলবার বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয় সে।
স্থানীয়রা জানান, নিহত শিশু নাজিম গতকাল মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে বাড়ির পাশে অন্যন্য শিশুদের সাথে খেলতে যায়। খেলার সময় বাড়ির পাশে তিস্তা নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হয় সে। পরে বিষয়টি রাজারহাট ফায়ার সার্ভিস অফিসে জানায় স্থানীয়রা। খবর পেয়ে দ্রুত রাজারহাট ও রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে তল্লাশি চালিয়ে বুধবার সকালে তার মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়।
রাজারহাট ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু তাহের বলেন, ‘ঘাটে বেঁধে রাখা একটি নৌকার পাশ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে শিশুটির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।’
স্বদেশ প্রতিদিন/এমএম