প্রকাশ: বুধবার, ৯ জুলাই, ২০২৫, ৩:৩৬ পিএম আপডেট: ০৯.০৭.২০২৫ ৩:৫৬ PM

সংগৃহীত ছবি
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, “বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার খুব দীর্ঘস্থায়ী হচ্ছে না, এই সরকারে তারা আরও বড়জোর ৭ থেকে ৮ মাস থাকবেন। তবে এই স্বল্প সময়ের মধ্যেই কিছু মৌলিক সংস্কার বাস্তবায়ন করা হবে।”
আজ বুধবার (৯ জুলাই) রাজধানীর এক হোটেলে অনুষ্ঠিত ‘অ্যাকাউন্টিং অ্যান্ড অডিটিং সামিট’-এ “বাংলাদেশের অর্থনৈতিক শাসনে এফআরসির ভূমিকা ও প্রভাব” শীর্ষক আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন তিনি।
উপদেষ্টা বলেন, “যতটুকু সংস্কার শুরু হয়েছে, আমরা তা বাস্তবায়নের চেষ্টা করব। আমরা অনেক প্রতিবন্ধকতা ও বাধার সম্মুখীন হচ্ছি। বহু জটিল বিষয় আছে যেগুলো বাইরে থেকে বুঝতে পারবেন না।”
সংস্কার কার্যক্রমে ব্যবসায়ী ও ঋণদাতা প্রতিষ্ঠানগুলোর সহযোগিতার প্রশংসা করে তিনি বলেন, “তারা আমাদের খুব ভালো সমর্থন দিয়েছে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মানসুর, এবং ঢাকায় বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর সোলেয়মান কুলিবালি।
এছাড়াও, অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল (এফআরসি)-এর চেয়ারম্যান ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়া। সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন অর্থ বিভাগের সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদার।
এ সময় স্বাগত বক্তব্য দেন বিশ্বব্যাংকের লিড গভর্ন্যান্স স্পেশালিস্ট সুরাইয়া জান্নাত। এছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস ইনস্টিটিউটের (আইসিএবি) সভাপতি এন কে এ মবিন এবং কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস ইনস্টিটিউট (আইসিএমএবি)-এর সভাপতি মাহতাব উদ্দিন আহমেদ।
স্বদেশ প্রতিদিন/ আরএফ