প্রকাশ: বুধবার, ৯ জুলাই, ২০২৫, ১:০৭ পিএম আপডেট: ০৯.০৭.২০২৫ ১:২০ PM

কক্সবাজারের হিমছড়ি সৈকত থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আরেক নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (৯ জুলাই) সকালে সমিতিপাড়া উপকূল এলাকা থেকে পাওয়া যায় ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আসিফ আহমেদের লাশ। মৃত্যুর প্রায় ২৪ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার হয়।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও বিভাগের শিক্ষক সাঈদ বিন কামাল চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
একদিন আগে, মঙ্গলবার সকাল বেলা হিমছড়ির জাদুঘরসংলগ্ন সমুদ্রসৈকতে গোসলে নেমে হঠাৎ ঢেউয়ের তোড়ে নিখোঁজ হন একই বিভাগের তিন শিক্ষার্থী কে এম সাদমান রহমান সাবাব, অরিত্র হাসান ও আসিফ আহমেদ। তাদের সঙ্গে ছিলেন আরও দুই সহপাঠী ফারহান ও রিয়াদ। মঙ্গলবারই উদ্ধার করা হয় সাবাবের মরদেহ।
এখনও নিখোঁজ রয়েছেন শিক্ষার্থী অরিত্র হাসান। তাকে উদ্ধারে উদ্ধারকারী দল ও ফায়ার সার্ভিসের ডুবুরিরা কাজ চালিয়ে যাচ্ছে।
সহপাঠী ফারহান জানান, “আমরা সকালে সৈকতে যাই। প্রথমে কেউ নামছিল না, কিন্তু সাদমান রহমান সাবাব প্রথমে নেমে গেলে তাকে দেখে আসিফ ও অরিত্রও সাগরে নামে। শুরুতে ঢেউ স্বাভাবিক থাকলেও হঠাৎ বড় ঢেউ এসে ওদের ভাসিয়ে নিয়ে যায়।”
জানা গেছে, পরীক্ষা শেষের পর বন্ধুরা মিলে কক্সবাজারে ঘুরতে গিয়েছিলেন। পাঁচজনই শহীদ মো. ফরহাদ হোসেন হলের আবাসিক শিক্ষার্থী। সোমবার রাতে তারা হিমছড়িতে ছিলেন এবং পরদিন সকালে সমুদ্রস্নানে যান।
সহকারী প্রক্টর আরও জানান, “সাবাবের মরদেহ ইতোমধ্যে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ সকালে আসিফের লাশ ভেসে উঠেছে। নিখোঁজ অরিত্রের সন্ধানে অভিযান চলছে।”
স্বদেশ প্রতিদিন / কেআইকে