প্রকাশ: বুধবার, ৯ জুলাই, ২০২৫, ১০:৪৭ AM

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ইসলামী ছাত্রশিবিরের শাখায় নেতৃত্বে পরিবর্তন এসেছে। ২০২৫ সেশনের মাত্র ছয় মাস পার না হতেই নতুন একটি কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এক বিশেষ সদস্য সভায় নতুন এই কমিটি গঠিত হয়।
সভাপতি নির্বাচিত হয়েছেন ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ আলী। একইসেশনের ব্যাংকিং ও ইন্স্যুরেন্স বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ পারভেজ নতুন কমিটির সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন।
সমাবেশে সভাপতির পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়, যেখানে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালটের মাধ্যমে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেন। সর্বাধিক ভোট পেয়ে মোহাম্মদ আলী সভাপতি নির্বাচিত হন। নির্বাচনের ফল ঘোষণা করেন সংগঠনটির কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম। তিনি নবনির্বাচিত সভাপতিকে শপথ পাঠ করান এবং পরবর্তীতে পারভেজকে সেক্রেটারি হিসেবে মনোনয়নের অনুমোদন দেন।
জরুরি এ সভাটি সঞ্চালনা করেন কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক ডা. উসামাহ রাইয়ান। সমাবেশের শেষাংশে নবগঠিত কমিটির সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
স্বদেশ প্রতিদিন/এমএম