প্রকাশ: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫, ৭:০৫ পিএম

শ্যালো মেশিনের পানি দিয়ে উঁচু জমিতে আমনের চারা রোপণ করছে কৃষকরা।
দিনাজপুরের কাহারোলে শ্যালো মেশিনের পানি দিয়ে উঁচু জমিতে আমনের চারা রোপণ করছে কৃষকরা।
আজ মঙ্গলবার ( ৮ জুলাই) সরেজমিনে দেখা গেছে, উঁচু জমির জন্য পর্যাপ্ত পরিমাণে বৃষ্টিপাত না হওয়ার কারণে পানির অভাবে আগাম জাতের আমন ধানের চারা লাগাতে পারছেন না উপজেলার কৃষকরা। গতকাল উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, শ্যালো মেশিনের পানি দিয়ে আগাম জাতের আমন ধানের চারা রোপণ করছে অনেক কৃষক।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি আমন মৌসুমে উপজেলার ৬টি ইউনিয়নে ১৫ হাজার ৩৪০ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
উপজেলা কৃষি বিভাগ বলেন, “আগাম জাতের ধান রোপনের সময় হয়েছে। বৃষ্টি না থাকার কারণে বিকল্প হিসেবে শ্যালো মেশিন ও গভীর নলকূপ এর পানি দিয়ে কিছু কিছু কৃষক উঁচু জমিতে আগাম জাতের আমন ধানের চারা রোপণ করছেন।”
বলরামপুর গ্রামের কৃষক শরিফুল ইসলাম বলেন, “আমরা আগাম জাতের আমন ধান চাষ করে, আগাম জাতের আলু আবাদ করে থাকি। আমাদের জমিতে প্রতি বছরই আলু উত্তোলন করার পর সেই জমিতে আবার ভুট্টা চাষাবাদ করে থাকি। কিন্তু বেশ কিছু দিন থেকে পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ার কারণে উপায় না পেয়ে উঁচু জমিগুলোতে শ্যালো মেশিনের পানি দিয়ে আমন ধানের চারা লাগাতে বাধ্য হচ্ছি আমরা।”
কৃষক ওমর আলী জানান, প্রতি বছর আগাম জাতের ধান এক একর জমিতে চাষাবাদ করে থাকেন এবং ধান কাটার পর সেই জমিতেই আবার আলু আবাদ করা হয়। আলু উত্তোলনের পর সেই জমিতেও ভুট্টা চাষ করা হয়। উপজেলায় বর্তমানে বৃষ্টি না হওয়ার কারণে আগাম জাতের ধানের চারা রোপণ করতে শ্যালো মেশিনের পানি ব্যবহার করতে হচ্ছে। তাতে করে আমন উৎপাদনের খরচ কিছুটা বেড়ে যাবে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মল্লিকা রানী সেহান বীশ জানান, আগাম জাতের ধান রোপণের সময় হয়েছে। বৃষ্টি না থাকার কারণে বিকল্প হিসেবে শ্যালোমেশিন ও গভীর নলকূপের পানি দিয়ে কিছু কিছু কৃষক উঁচু জমিতে আগাম জাতের আমন ধানের চারা রোপণ করছেন।