প্রকাশ: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫, ৩:৫১ পিএম

সংগৃহীত ছবি
জনপ্রিয় লালন সংগীতশিল্পী ফরিদা পারভীন বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন শিল্পী একেএম মোস্তাফিজুর রহমান।
গতকাল সোমবার (৭ জুলাই) সকালে তিনি জানান, ফরিদা পারভীনের স্বামী যন্ত্রসংগীতশিল্পী গাজী আবদুল হাকিমের সঙ্গে তার কথা হয়েছে। তিনি জানিয়েছেন, ফরিদা পারভীনের অবস্থা আশঙ্কাজনক এবং দিন দিন আরও খারাপের দিকে যাচ্ছে। তিনি দেশবাসীর কাছে তার স্ত্রীর সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।
এদিকে রবিবার রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ফরিদা পারভীনের মৃত্যুর গুজব। এ বিষয়ে মোস্তাফিজুর রহমান বলেন, “ফেসবুকে এমন গুজব ছড়িয়ে পড়ায় পরিবারের সদস্যরা খুবই কষ্ট পেয়েছেন। গাজী ভাই অনুরোধ করেছেন, সবাই যেন এমন ভুয়া ও বিভ্রান্তিকর খবর থেকে বিরত থাকেন।”
জানা যায়, গত কয়েক বছর ধরে একুশে পদকপ্রাপ্ত এই শিল্পী কিডনি জটিলতা, শ্বাসকষ্টসহ বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। সম্প্রতি ডায়ালাইসিস চলাকালে শারীরিক অবস্থার অবনতি হলে গত ৫ জুলাই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের কেবিনে চিকিৎসাধীন।
ফরিদা পারভীনের পরিবার তার দ্রুত আরোগ্য কামনায় দেশবাসী, ভক্ত ও সহশিল্পীদের কাছে দোয়া চেয়েছেন।
উল্লেখ্য, ১৯৬৮ সালে রাজশাহী বেতারের তালিকাভুক্ত শিল্পী হিসেবে নজরুলসংগীত পরিবেশনার মাধ্যমে সংগীতজগতে পথচলা শুরু করেন ফরিদা পারভীন। ১৯৭৩ সাল থেকে দেশের গান গেয়ে তিনি জনপ্রিয়তা অর্জন করেন। সংগীতাঙ্গনে অসামান্য অবদানের জন্য তিনি ১৯৮৭ সালে একুশে পদক, ২০০৮ সালে জাপান সরকারের ‘ফুকুওয়াকা এশিয়ান কালচার’ পুরস্কার এবং ১৯৯৩ সালে চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।
স্বদেশ প্রতিদিন/এমএএম