প্রকাশ: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫, ৩:২৮ পিএম আপডেট: ০৮.০৭.২০২৫ ৩:৩০ PM

উত্তপ্ত ঢাকা সিটি কলেজ চত্বর। কলেজের অধ্যক্ষ কাজী নেয়ামুল হকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন এইচএসসি ২৬ ব্যাচের শিক্ষার্থীদের একাংশ।
মঙ্গলবার (৮ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে কলেজের মূল ফটকের সামনে অবস্থান নিয়ে এই কর্মসূচি পালন করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
সকাল ১০টা ৪৫ মিনিট থেকে ১০টা ৫৫ মিনিট পর্যন্ত শিক্ষার্থীরা কলেজের বাইরে বিক্ষোভ করেন। পরে কলেজ কর্তৃপক্ষের আহ্বানে চলমান পরীক্ষায় অংশ নিতে শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রবেশ করেন, এসময় আন্দোলনরত শিক্ষার্থীরাও ভেতরে প্রবেশ করেন।
পরে বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষক প্রতিনিধিদের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ধাক্কাধাক্কি হলে দুই শিক্ষার্থী আহত হন। আহতরা হলেন, মেহেদী হাসান তানিম ও অপু। তারা এইচএসসি ২৬ ব্যাচের প্রথম বর্ষের শিক্ষার্থী। পরে তাদের ধানমন্ডির পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার দেওয়া হয়।
বিক্ষোভকারীরা অভিযোগ করে বলেন, ‘কলেজের স্বঘোষিত অধ্যক্ষ কাজী নেয়ামুল হক কলেজ পরিচালনায় স্বেচ্ছাচারিতা করছেন। তার পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’
ঘটনার জেরে কলেজ কর্তৃপক্ষ একাদশ শ্রেণির পরীক্ষা স্থগিত করেছে। আন্দোলনরতদের একাংশ বর্তমানে কলেজের ভেতরে অবস্থান করছেন বলে জানা গেছে। অন্যদিকে সাবেক শিক্ষার্থীদের একটি দল কলেজের বাইরে একত্রিত হয়েছেন।
তবে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কায় মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি।
স্বদেশ প্রতিদিন/এমএম